’৭১-এর গণহত্যা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে নিরীক্ষাধর্মী নাটক
প্রকাশ : ১৮ মার্চ ২০১৪, ২২:১৬
একাত্তরে গণহত্যা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে কেন্দ্র করে নিরীক্ষাধর্মী চারটি নাটক মঞ্চায়ন করতে যাচ্ছে শিল্পকলা একাডেমি। ঢাকার মিরপুর জল্লাদখানা বধ্যভূমি, ফরিদপুর শহরে বধ্যভূমির পাশে স্টেডিয়ামে, নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারে ও নরসিংদীর উয়ারি বটেশ্বরে মঞ্চস্থ হবে এসব নাটক। গতকাল মঙ্গলবার এসব নাটক নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, বাংলাদেশের নাটকের ইতিহাসে এ ধরনের নিরীক্ষাধর্মী কাজ একেবারেই হয়নি। সেদিক থেকে এটি আমাদের জন্য যেমন চ্যালেঞ্জ তেমনি নাট্যচর্চার ইতিহাসেও একটি যুগান্তকারী ঘটনা।
মহাপরিচালক আরো জানান, বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের অন্যতম প্রধান ঘটনা মহান মুক্তিযুদ্ধ এবং ঐতিহ্যের প্রাচুর্যে মোড়া বাঙালির আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ হলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বাঙালির চেতনা ও ঐশ্বর্যের এ দুই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৪টি নাটক প্রযোজনা করেছে। এর দুইটি মুক্তিযুদ্ধের প্রকৃত ঘটনা নিয়ে এবং অন্য দুইটি প্রত্নতাত্ত্বিক নির্দশনের ওপর নির্মিত হয়েছে।
সম্মেলনে জানানো হয়, মহান মুক্তিযুদ্ধের সময় এমন কোন অঞ্চল নেই যেখানে গণহত্যা ঘটেনি। ফরিদপুর শহরের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় যে গণকরব ও হানাদার বাহিনীর কনসেনট্রেশন ক্যাম্প করা হয়েছিল তার উপর ভিত্তি করে তখনকার কর্মকাণ্ড অবলম্বনে এবং মুক্তিযুদ্ধকালীন মিরপুর জল্লাদখানার বিভীষিকাময় নানা তথ্য উপাত্ত ও সেখানে যারা শহীদ হয়েছেন তাদের মধ্য থেকে ১৯ ব্যক্তির জীবনের গল্প নিয়ে ২টি পরিবেশ থিয়েটার প্রযোজনা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় নির্মিত এ নাটক দুইটি মুক্তিযুদ্ধের ঐ স্মৃতি বিজড়িত স্থান দুইটিতে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মিরপুর জল¬াদখানার কাহিনী অবলম্বনে ‘যুদ্ধপুরাণ’ শিরোনামে নির্মিত এ নাটকটির ৫টি করে প্রদর্শনী আগামীকাল ১৯ থেকে ২১ মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টায় মিরপুর জল্লাদখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। নাটকটি নির্দেশনা দিয়েছেন আনিসুল হক বরুন।
আগামী ২৪ মার্চ ফরিদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেখানকার গণ কবরের কাহিনী নিয়ে নির্মিত পরিবেশ থিয়েটারের নাটক ‘কনসেনট্রেশন ক্যাম্প ৭১’। ফরিদপুরের স্থানীয় বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এতে অভিনয় করেছেন। এটি নির্দেশনা দিয়েছেন বাকার বকুল।
এদিকে, পাহাড়পুর বৌদ্ধ বিহার ও উয়ারি বটেশ্বর স্থাপনা নিয়ে নির্মিত হয়েছে ২টি প্রত্ননাটক। পাহাড়পুর বৌদ্ধ বিহার নিয়ে নির্মিত প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। জয়পুরহাটের স্থানীয় নাট্যসংগঠনগুলোর নাট্যকর্মী সাংস্কৃতিক কর্মীরা এই প্রযোজনাতে অভিনয় করছেন। আগামী ১২ এপ্রিল সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি পাহাড়পুর বৌদ্ধ বিহার সংলগ্ন মাঠে প্রত্ননাটক প্রযোজনার উদ্বোধন করবেন।
নরসিংদী জেলার উয়ারি বটেশ্বর খনন করে যে আড়াই হাজার বছরের পুরাতন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে সেই নিদর্শনকে উপজীব্য করে তৈরি হচ্ছে ‘শিকড়’ শিরোনামে প্রত্ননাটক প্রযোজনা। প্রযোজনাটির নাট্যরচনা করেছেন তানভীর আহমেদ সিডনী এবং নির্দেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তবে এটি মঞ্চায়নের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়।
শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে মঙ্গলবার দুপুরে আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক আলী আহম্মেদ মুকুল, নাট্য নির্দেশক দেবাশীষ ঘোষ, বাকার বকুল, আনিসুল হক বরুন প্রমুখ।