বাস্তবায়ন সন্তোষজনক না হওয়ায় কয়েকটির অর্থ ফেরতের প্রস্তাব
প্রকাশ : ১৮ মার্চ ২০১৪, ২২:৫০
চলতি অর্থবছরে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না বেশকিছু প্রকল্পের। এর মধ্যে গুরুত্বপূর্ণ অনেক প্রকল্পও রয়েছে। অগ্রগতি সন্তোষজনক নয় এমন প্রকল্পের টাকা ফেরতের প্রস্তাবও রয়েছে। এর মধ্যে পদ্মাসেতু প্রকল্পও রয়েছে। পরিকল্পনা কমিশন ইতিমধ্যে চলতি অর্থবছরে বরাদ্দকৃত অর্থ ব্যয় সম্ভব নয় কিম্বা যে প্রকল্পগুলোর বাস্তবায়ন সন্তোষজনক নয় এমন ৯৬ প্রকল্পকে ‘লাল’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। পরিকল্পনা কমিশনসূত্রে জানা যায়, চলতি অর্থবছরের মধ্যে শেষ হতে পারে কিম্বা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে এবং যে প্রকল্পগুলোর অগ্রগতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে এমন ৮৫৪ প্রকল্প ‘সবুজ’ তালিকায় রয়েছে। অন্যদিকে প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক নয়, অবশিষ্ট সময়ে চাহিদা অনুযায়ী বরাদ্দ ব্যয়ের বিষয়ে সংশয় রয়েছে এমন ২৮১ প্রকল্প ‘হলুদ’ তালিকাভুক্ত করা হয়েছে।
চলতি (২০১৩-১৪) অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) চাহিদার তুলনামূলক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। এতে দেখা যায়, মন্ত্রণালয় ও বিভাগগুলোর বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পে বৈদেশিক সহায়তার অংশ কমিয়ে সরকারি তহবিল ব্যয় বাড়ানোর চাহিদা রয়েছে। বহুল আলোচিত পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে এ অর্থবছরের জন্য ৫ হাজার ২৫২ কোটি টাকা বরাদ্দ থাকলেও জানুয়ারি পর্যন্ত বাস্তব অগ্রগতি হয়েছে মাত্র ২ শতাংশ। ফলে অর্থবছরে বাকি সময়ে কাঙ্ক্ষিত ব্যয় সম্ভব না হওয়ায় এ খাতে ২ হাজার ৬৭৮ কোটি টাকা ফেরত দেয়ার (সমর্পণ) প্রস্তাব করা হয়েছে।
চলতি অর্থবছর ৬৫ হাজার ৮৭২ কোটি টাকার যে এডিপি বাস্তবায়ন চলছে তাতে সরকারের নিজস্ব তহবিল থেকে ৪১ হাজার ৩০৯ কোটি টাকা এবং ২৪ হাজার ৫৬৩ কোটি টাকা বৈদেশিক সহায়তা খাত থেকে ব্যয়ের লক্ষ্য ছিলো।
১০৪৬ প্রকল্প নিয়ে শুরু হওয়া চলতি বছরের এডিপিতে সবুজ, হলুদ ও লাল তালিকা মিলিয়ে ১১৩১টিতে উন্নীত হয়েছে। তালিকাভুক্ত এসব প্রকল্পে ৬১ হাজার ৮৪২ কোটি টাকা বরাদ্দের বিপরীতে মন্ত্রণালয় ও বিভাগগুলো ৬২ হাজার ৭৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। সব মিলিয়ে বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্পে বরাদ্দ ৭৮৭ কোটি টাকা কমিয়ে সরকারি তহবিল হতে ১ হাজার ৬৬২ কোটি টাকা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
পরিকল্পনা কমিশনের দায়িত্বশীলসূত্র জানায়, এ অর্থবছরে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার ফলে রাজনৈতিক বিবেচনায় প্রকল্পের চাপ রয়েছে। বরাদ্দ বিহীনভাবে আরো প্রকল্প এ তালিকায় যুক্ত হবে। এর পরেও প্রতিবছরের ন্যায় এ বছরও মূল এডিপি কাটছাঁট করা হচ্ছে। এবার প্রায় ১২ হাজার কোটি টাকা কমিয়ে ৫৪ হাজার কোটি টাকার আর এডিপি করার প্রস্তাব করেছে অর্থ মন্ত্রণালয়। এতে স্থানীয় মুদ্রা ৩২ হাজার ৮০০ কোটি টাকা এবং প্রকল্প সহায়তার অংশ ধরা হচ্ছে ২১ হাজার ২০০ কোটি টাকা। এর ভিত্তিতে কমিশন চূড়ান্ত সংশোধিত এডিপি প্রণয়ন করছে, তবে শেষ পর্যায়ে কিছু থোক বরাদ্দ যোগ হয়ে এর আকার তিন থেকে ৪ হাজার কোটি টাকা বৃদ্ধি পেতে পারে।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের এডিপি বাস্তবায়ন ও আরএডিপি’র চাহিদার তথ্যে দেখা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের মোট ৮৯ প্রকল্পের মধ্যে লাল তালিকায় রয়েছে ৯টি, হলুদ তালিকায় ৮টি। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ৫টি প্রকল্পের ৩টি রয়েছে লাল তালিকায়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৩টি সবুজ তালিকায় ও ২টি লাল তালিকায় রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ৩টি প্রকল্পই রয়েছে লাল তালিকায়। এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের ৫২ প্রকল্পের মধ্যে ১০টি, সড়ক বিভাগের ১৬টি, স্থানীয় সরকার বিভাগের ১২টি, পানি সম্পদ মন্ত্রণালয়ের ১০টি, কৃষি মন্ত্রণালয়ের ৮টি, জ্বালানি বিভাগের ৬টি প্রকল্প লাল তালিকায় রয়েছে।