ফুলপুর হাসপাতালে ভাংচুর আগুন, সড়ক অবরোধ
ময়মনসিংহ ও ফুলপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০১৪, ২২:৫১
ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীকে ভুল চিকিত্সার অভিযোগে রোগীর স্বজন ও এলাকাবাসী হাসপাতালে ব্যাপক ভাংচুর, সড়কে লাশ নিয়ে ৩ ঘণ্টা ঢাকা-শেরপুর, ঢাকা-হালুয়াঘাট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। হাসপাতালের ডাক্তারদের অবরুদ্ধ করে রাখে।
ময়মনসিংহের ফুলপুর উপজেলার গোদারিয়া গ্রামের রজব আলীর পুত্র আব্দুর রাজ্জাককে (২৫) গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বুকের ব্যথা নিয়ে ফুলপুর হাসপাতালে ভর্তি করা হয়। রাজ্জাক ২৬ দিন আগে বিয়ে করে। রোগীর স্বজনদের অভিযোগ, তাকে ভুল চিকিত্সা দেয়ায় তার মৃত্যু হয়েছে। এ অভিযোগে রোগীর স্বজন ও এলাকাবাসী হাসপাতালের ৩টি আবাসিক কোয়ার্টার, জরুরি বিভাগ, বহির্বিভাগের দরজা-জানালা, চেয়ার-টেবিল, ১টি মাইক্রোবাস, ২টি প্রাইভেটকার ও ১টি মোটর সাইকেল ব্যাপক ভাংচুর করে। ঢাকা-শেরপুর সড়ক অবরোধ ও হাসপাতালের ডাক্তারদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে সহকারী কমিশনার, পৌর মেয়র, পুলিশ অভিযুক্তদের বিচারের আশ্বাস দিলে বিকাল সোয়া চারটার দিকে জনতা সড়ক অবরোধ প্রত্যাহার করে। পুলিশ ডাক্তারদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। সন্ধ্যার আগে ময়মনসিংহের সিভিল সার্জন ঘটনাস্থল পরিদর্শন করে থানায় গিয়ে স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কোন পক্ষই মামলা না করতে সম্মত হয়। এ ঘটনার পর থেকে ৯ ঘণ্টা যাবত্ ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সা সেবা ভেঙে পড়ে। ভয়ে চিকিত্সকরা হাসপাতাল ছেড়ে নিরাপদ দূরত্বে অবস্থান করেন।