সুচিত্রা সেনের পাবনার বাড়িতে সংগ্রহশালা করা হবে
প্রকাশ : ১৮ মার্চ ২০১৪, ২২:৫২
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেনের পাবনার স্মৃতি বিজড়িত বাড়িটি উদ্ধার করে ‘সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা’ করার পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের মোয়াজ্জেম হোসেন রতনের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
আসাদুজ্জামান নূর আরো জানান, গত ১৭ জানুয়ারি সুচিত্রা সেনের মৃত্যুর পর ২৪ জানুয়ারি তার স্মরণে সংস্কৃতি মন্ত্রণালয় একটি স্মরণসভার আয়োজন করে। সে সভায় শিল্পকলা একাডেমী সুচিত্রা সেনের ওপর বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।
হাজী সেলিমকে সতর্ক করলেন
ডেপুটি স্পিকার
গতকাল সংসদে প্রশ্নোত্তর পর্বে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানকে একটি সম্পূরক প্রশ্ন করছিলেন ঢাকার স্বতন্ত্র এমপি হাজী মো. সেলিম। প্রশ্নের শুরুতে হাজী সেলিম ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বি মিয়ার উদ্দেশে বলেন ‘মাননীয় স্পিকার, ওনাকে (ধর্মমন্ত্রী) কী মুলাম প্রশ্ন করবো, নাকি শক্ত প্রশ্ন করবো।’ ডেপুটি স্পিকার খেয়াল না করায় তিনি আবারও হাত দিয়ে ইশারা করে একই কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন ‘বুঝলাম না’। সেলিম বলেন ‘না বোঝাই ভালো।’ এবার রেগে গিয়ে ডেপুটি স্পিকার তাকে বলেন ‘মাননীয় সদস্য, আপনি এটা বলতে পারেন না।’ পরে হাজী সেলিম বলেন ‘উনি (ধর্মমন্ত্রী) একটু বয়স্ক মানুষ তো, তাই ভাবলাম নরম না শক্ত প্রশ্ন করবো, আপনার থেকে জেনে নিই, কারণ আপনি তো আমাদের স্পিকার।’