বরিশালে স্বপনসহ নয় বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রকাশ : ১৮ মার্চ ২০১৪, ২৩:২৯
হামলা, ভাংচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির মামলায় বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা জহির উদ্দিন স্বপনসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
গতকাল মঙ্গলবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল কবির এ নির্দেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আর যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন-বিএনপি নেতা সরোয়ার প্যাদা, মশিউর, লিটন, জামাল প্যাদা, হারুন আকন, জামাল বেপারী, শওকত ও আব্দুল হালিম।
আদালত সূত্রে জানা গেছে, ২০০১ সালের ১৯ সেপ্টেম্বর রাতে তত্কালীন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহির উদ্দিন স্বপনসহ তার সন্ত্রাসী দল গৌরনদী উপজেলা কৃষকলীগের নেতা দেলোয়ার হোসেনের কুড়িরচর গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেন। ওইসময় স্বপনসহ অন্যরা দেলোয়ারকে প্রাণনাশের হুমকি দেন।