কর্মকর্তাকে পেটানোর দায়ে ওসির বিরুদ্ধে ইসি’র ব্যবস্থা
প্রকাশ : ১৮ মার্চ ২০১৪, ২৩:৩০
নির্বাচন কর্মকর্তাকে পেটানোর দায়ে বাকেরগঞ্জ থানার সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। অসদাচরণকারী কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের ও সাময়িক বরখাস্তের বিষয়ে ব্যবস্থা নিতে গতকাল মঙ্গলবার সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন। গত শনিবার তৃতীয় ধাপের ভোটের দিন হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যবেক্ষণের সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলামকে মারধর করেছেন নির্বাচনের দায়িত্ব পালন করতে এই উপজেলায় আসা বাকেরগঞ্জ থানার ওসি।
ইসি সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব আশফাকুর রহমান স্বাক্ষরিত পত্রে বরিশাল রিটার্নিং কর্মকর্তাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, মহাপুলিশ পরিদর্শক ও সংশ্লিষ্টদের এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন অনুযায়ী, অসদাচরণ করলে ইসির সম্মতিক্রমে রিটার্নিং কর্মকর্তা তাকে (দায়ী কর্মকর্তাকে) অনধিক দুই মাসের জন্য সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্তের আদেশ দিতে পারবেন। মামলায় দোষী প্রমাণিত হলে নুরুল ইসলামের ছয় মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা হতে পারে।