খোঁজখবর
প্রকাশ : ১৯ মার্চ ২০১৪, ১৯:১৩
জনসচেতনতামূলক বিজ্ঞাপনে
‘জনসচেতনতামূলক বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি যথেষ্ট আন্তরিকতা নিয়ে’, নতুন বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে এমনই বললেন ছোটপর্দার ব্যস্ততম নাট্যাভিনেত্রী দীপা খন্দকার। সম্প্রতি ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড পরিবার পরিকল্পনার ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাঁচটি বিজ্ঞাপন চিত্র নির্মাণ করেছে। এরমধ্যে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন দীপা খন্দকার। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সঙ্গে চুক্তির আলোকে এই বিজ্ঞাপন চিত্রগুলো কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত হয়েছে। বিজ্ঞাপনগুলোর বিষয়বস্তু হলো— খাবার বড়ি, প্রসূতি মায়ের সেবা, বাল্যবিবাহ, গর্ভবতী মায়ের পরিচর্যা এবং কনডম। দেশব্যাপী পরিবার পরিকল্পনার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বিজ্ঞাপনগুলো শীঘ্রই বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার শুরু হবে।
অনুচ্ছেদ ৭১
আসছে স্বাধীনতা দিবসের একটি নাটকে অভিনয় করলেন দর্শকপ্রিয় নাট্যাভিনেত্রী তারিন। শাহজাহান সৌরভের রচনা ও শান্তা রহমানের পরিচালনায় ‘অনুচ্ছেদ ৭১’ শিরোনামের নাটকে দর্শকরা তাকে আয়েশা চরিত্রে দেখতে পাবেন। নাটকে আরও অভিনয় করেছেন শাহাদাত, সবুজ ও রিপন। সম্প্রতি সাভারের আকরান বাজারের কাছেই একটি গ্রামে নাটকের শুটিং হয়েছে। এই নাটকে অভিনয় প্রসঙ্গে তারিন বলেন, ‘মুক্তিযুদ্ধ শুরুর সময়কার একেবারেই ছোট্ট একটি ঘটনা নিয়ে এই নাটকের গল্প। গল্পটাও অসাধারণ। এখানে আমি আয়েশা চরিত্রে অভিনয় করেছি। চরিত্রের গভীরে মিশে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা ছিল। কিছু নাটক থাকে যা দুইদিনে শেষ করা কঠিন। তবে পরিচালক শান্তা তার মেধা এবং বুদ্ধি দিয়ে নাটকে যা যা ডিমান্ড করেছে তা আমাকে, আমাদের সবাইকে বুঝাতে পেরেছেন। তাই আমরাও মন দিয়ে কাজটি করতে পেরেছি। পরিচালকের সাথে এটা আমার প্রথম কাজ হলেও আমাদের মধ্যে কাজের বোঝাপড়াটা ছিল চমত্কার। যে কারণে এক কথায় অনেক ভালো একটি কাজ দাঁড়িয়েছে। আশা করছি দর্শকের ভালো লাগবে।’ উল্লেখ্য ‘অনুচ্ছেদ ৭১’ নাটকটি আগামী ২৮ মার্চ এটিএন বাংলায় প্রচার হবে। এদিকে তারিন এরইমধ্যে নিয়াজ মাহবুবের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘কালো মকমল’-এর কাজ শুরু করেছেন। এ মাসের শেষপ্রান্তে তিনি তারিকুল ইসলামের পরিচালনায় ‘বেওয়ারিশ মানুষ’ নাটকের কাজ করবেন।
মুক্তির প্রতীক্ষায়
আগামী কাল শুক্রবার মুক্তি পাচ্ছে জায়েদ খান অভিনীত নতুন ছবি ‘তোকে ভালোবাসতেই হবে’। ছবিটি পরিচালনা করেছেন রাজু চৌধুরী। নতুন এই ছবি প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘ছবিটির গল্প লাভ ও অ্যাকশন নির্ভর। ভালোবাসার যত রকম পাগলামি আছে সবই করেছি এই চলচ্চিত্রটিতে। আশা করছি সাহারা ও আমার ভালোবাসা নিয়ে পাগলামিগুলো দর্শকদের ভালো লাগবে।’ ছবিটিতে জায়েদ খানের বিপরীতে অভিনয় করেছেন সাহারা। এছাড়া আরও অভিনয় করেছেন রিনা খান, ইলিয়াস কোবরা, গাঙ্গুয়া, শাহীন খান প্রমুখ। মোট পাঁচটি গান রয়েছে ‘তোকে ভালোবাসতেই হবে’ চলচ্চিত্রটিতে। আর সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ূন।