হুমায়ূন আহমেদের

একজন মায়াবতী

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প নিয়ে নির্মিত হলো ধারাবাহিক নাটক ‘একজন মায়াবতী’। অন্য প্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম-এর পরিচালনায় সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে এই নাটকের শুটিং হয়েছে। এর লোকেশন ঘুরে এসে লিখেছেন খালেদ আহমেদ জননন্দিত উপন্যাসিক হুমায়ূন আহমেদের গল্প মানে পাঠকের রুদ্ধশ্বাস প্রহর কাটানো। আর তার গল্প নিয়ে যদি নাটক নির্মিত হয়, তবে সেখানে থাকে দর্শকের সমান উচ্ছ্বাস ও কৌতূহল। এবার ‘একজন মায়াবতী’ উপন্যাসের গল্প নিয়ে ৫২ পর্বের ধারাবাহিক নির্মাণ করলেন তারই শেষ জীবনের ঘনিষ্ঠ সহযোগী অন্য প্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম। এর আগে বেশ কয়েকটি একক নাটক নির্মাণ করলেও এটাই পরিচালকের প্রথম ধারাবাহিক। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে এই নাটকের প্রথম লটের শুটিং হয়েছে। অন্য মিডিয়া প্রযোজিত এ নাটকে মন্জুর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় নাট্যাভিনেতা ও পরিচালক মাহফুজ আহমেদ। তার সাথে অভিনয় করেছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী সুমাইয়া শিমু। শিমুর চরিত্রের নাম ‘মীরা’। বড়লোকের আদুরে মেয়ে। ভালোবেসে বিয়ে হয় মন্জুর ও মীরার। কিন্তু এক সময় দুজনের মধ্যে বোঝাপড়ার মধ্যদিয়েই দু’জনে আলাদা হয়ে যান। এগিয়ে যায় নাটকের গল্প। কেমন লাগছে ‘একজন মায়াবতী’তে কাজ করতে? জবাবে মাহফুজ আহমেদ বলেন, ‘এখন সত্যি বলতে কী এমন একটা সময় যাচ্ছে যেখানে সিনেমা কিংবা নাটকে ভালো গল্প, চিত্রনাট্য পাওয়াটা খুবই কঠিন। সেদিক বিবেচনায় বলা যায় অনেকদিন পর নিঃসন্দেহে ভালো গল্পের ভালো চিত্রনাট্যের একটি নাটকে কাজ করছি। সেইসাথে রয়েছে চমত্কার আয়োজন, সুন্দর ব্যবস্থাপনা এবং সবমিলিয়ে সবার আন্তরিক টিমওয়ার্ক। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে যথেষ্ট ভালোলাগা নিয়ে কাজ করছেন। শিল্পীরাও তাদের চরিত্রগুলো বিশ্বাসযোগ্য করে তোলারই চেষ্টা করছেন।’ মীরা চরিত্রে অভিনয় প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, ‘সত্যিই এখন ভালো গল্পের খুব অভাব। মনের দিক থেকে এক অন্যরকম ভালোলাগা কাজ করছে একজন মায়াবতীতে কাজ করে। সেইসাথে সবার সহযোগিতাও ভীষণ মুগ্ধ করছে আমাকে। আশা করি দর্শকের জন্য একটি ভালো নাটকই হচ্ছে অনেকদিন পর।’ এই ধারাবাহিকে আরও অভিনয় করছেন মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ, ফারহানা মিলি প্রমুখ। পরিচালক মাজহারুল ইসলাম জানান, হুমায়ূন আহমেদ বেঁচে থাকতেই এই উপন্যাসের নাট্যরূপ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নাট্যরূপ হুমায়ূন আহমেদের পছন্দ হয়নি। বেশকিছু কারেকশন আর পরামর্শ দিয়েছিলেন তিনি। সেই অনুযায়ীই তৈরি হয়েছে এবারের পাণ্ডুলিপি। ২০০২ সালের একুশে বইমেলায় ‘একজন মায়াবতী’ উপন্যাসিট অন্যপ্রকাশ থেকে বের হয়। ধারাবাহিক নাটক ‘একজন মায়াবতী’ শিগগিরই চ্যানেল আই’তে প্রচার হবে।