ভারতেশ্বরী হোমসে পুরস্কার বিতরণী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১৯ মার্চ ২০১৪, ১৯:২০
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামল ৭ মার্চ টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন এবং নারী জাগরণের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। প্রতিমন্ত্রীর সম্মানে ভারতেশ্বরী হোমসের ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। ওই দিন সকালে প্রতিমন্ত্রী কুমুদিনী কমপ্লেক্সে এলে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক রাজিব প্রসাদ সাহা, উইমেন্স মেডিকেল কলেজ, নার্সিং স্কুল ও কলেজ এবং ভারতেশ্বরী হোমসের ছাত্রী ও চিকিত্সকরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। লাইব্রেরি মিলনায়তনে চা চক্রের পর তিনি কুমুদিনী হাসপাতাল, উইমেন্স মেডিকেল কলেজ, ল্যাবরেটরি, নার্সিং স্কুল ও কলেজ পরিদর্শন করেন। দুপুরে মন্ত্রী ভারতেশ্বরী হোমসে প্রবেশ করলে হোমসের ছাত্রীরা প্রতিমন্ত্রীর সম্মানে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। পরে হোমসের পিপিএম হলে ছাত্রীদের হাতে বার্ষিক পুরস্কার তুলে দেন তিনি। মেধা পুরস্কারের পরপরই শুরু হয় ভারতেশ্বরী হোমসের ছাত্রী ও শিল্পীদের মনোমুগ্ধকর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিমন্ত্রী বলেন, ‘কুমুদিনী কমপ্লেক্স মানব সেবার জন্য এক অনন্য প্রতিষ্ঠান। আদর্শ নারী শিক্ষাপ্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমসের ছাত্রীর শিক্ষার মান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের দৃষ্টান্ত দেশ-বিদেশে ছড়িয়ে পড়বে এটাই আমার আশা।’ এ সময় টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন, টাঙ্গাইলের পুলিশ সুপার আবু সালেহ মুহাম্মদ তানবীর, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী, সহকারী কমিশনার ভূমি নাসরিন সুলতানা, ভারতেশ্বরী হোমসের সাবেক অধ্যক্ষা প্রতিভা মুত্সুদ্দি প্রমুখ উপস্থিত ছিলেন।