ব্যক্তির করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকার প্রস্তাব ডিসিসিআইয়ের
প্রকাশ : ১৯ মার্চ ২০১৪, ১৯:৫৫
আসন্ন ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে ব্যক্তি শ্রেণীর নাগরিকদের করমুক্ত আয়সীমা বিদ্যমান ২ লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সেই সঙ্গে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর হার বিদ্যমান সাড়ে ২৭ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করারও প্রস্তাব করা হয়েছে। গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেনের সঙ্গে সাক্ষাত্ করে আগামী বাজেটের এ প্রস্তাব দেন সংগঠনের সভাপতি মো. শাহজাহান।
এছাড়া আগামী বাজেট প্রণয়নের ক্ষেত্রে সাম্প্রতিক রাজনৈতিক সংঘাতের ফলে সৃষ্ট ব্যবসায়ীদের ক্ষতির বিষয়টি বিশেষ বিবেচনায় নেয়ার দাবি জানানো হয়। ডিসিসিআইয়ের পক্ষ থেকে আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আমদানি শুল্ক খাতের উপর সর্বমোট ৫৯টি বিষয়ের উপর প্রস্তাব দেয়া হয়। এসব প্রস্তাবের প্রায় সবগুলোই আয়কর, ভ্যাট বা শুল্ক কমানোর জন্য।
ডিসিসিআই’র প্রস্তাবে ভ্যাট প্রদানের ক্ষেত্রে বার্ষিক টার্নওভার সীমা (বিক্রয় বা লেনদেন) ৮০ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি টাকা নির্ধারণ এবং টার্নওভার করের হার বিদ্যমান ৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে বিদ্যমান হারে বিশেষ থোক বরাদ্দ অব্যাহত রাখা, কুটির শিল্পের আওতায় ভ্যাট অব্যাহতির জন্য প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিজ ও ইকুইপমেন্টে বিনিয়োগকৃত মূলধন সীমা ৮০ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ১ কোটি টাকা করা, প্লাস্টিক পণ্য রপ্তানির ক্ষেত্রে ১৫ শতাংশ হারে নগদ প্রণোদনা প্রদান, চেম্বার ও ট্রেড এসোসিয়েশনের আয়কে পূর্বের ন্যায় করমুক্ত করার প্রস্তাব দেয়া হয়।
সভায় অন্যদের মধ্যে ডিসিসিআইয়ের সহ-সভাপতি খন্দকার শহীদুল ইসলাম, পরিচালক হায়দার আহমদ খানসহ এনবিআরের বাজেট সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।