কৃষি ঋণ বিতরণে প্রবৃদ্ধি ১৫ শতাংশ

চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) কৃষিখাতে ঋণ বিতরণ ও আদায় বেড়েছে। এসময়ে কৃষি খাতে ১০ হাজার ১০৮ কোটি টাকা বা লক্ষ্যমাত্রার ৬৯ শতাংশ ঋণ বিতরণ করা হয়েছে। যা গত অর্থবছরের একই সময়ে বিতরণকৃত ঋণের পরিমাণ ছিল প্রায় আট হাজার ৭০০ কোটি টাকা। সে হিসেবে এক বছরের ব্যবধানে কৃষিঋণ বিতরণ বেড়েছে প্রায় এক হাজার ৩২২ কোটি টাকা। প্রবৃদ্ধি হয়েছে ১৫ শতাংশ। এদিকে এসময়ে কৃষিঋণ আদায় হয়েছে প্রায় ৫৭ শতাংশ। গত বছরের একই সময়ে আদায় হয়েছিল ৬০ শতাংশ। তবে নয়টি নতুন ব্যাংকের মধ্যে আটটি ব্যাংক এখনো কোনো কৃষিঋণ বিতরণ করেনি। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। প্রসঙ্গত, ২০১২-১৩ অর্থবছরে বানিজ্যিক ব্যাংকগুলো কৃষিঋণ বিতরণ করে লক্ষ্যমাত্রার তুলনায় বেশি ১০৪ শতাংশ । ফলে চলতি অর্থবছরে ৫৬টি ব্যাংকের মাধ্যমে ১৪ হাজার ৫৯৫ কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।