ওমরাহ্ পালন শেষে অনন্ত বর্ষা

গত ২৭ ফেব্রুয়ারি ওমরা হজ্ব পালনের জন্য রওনা হন তারকা দম্পতি অনন্ত-বর্ষা। হজ্ব শেষে ফিরলেন গত ৯ মার্চ। এরই ভেতরে সৌদি আরবে বিভিন্ন পবিত্র স্থান দর্শন ও ওমরাহ্র আনুষ্ঠানিকতা পালনের ছবি তারা আপলোড করেন নিজস্ব ফেসবুকে। দেশে ফিরে চিত্রতারকা অনন্ত বলেন, ‘ব্যস্ততার কারণেই ঈদের মূল হজ্ব পালন করা হয় না। তবে খুব শিগগিরই সেই হজ্বও পালন করব। এদিকে ওমরাহ্ পালন শেষে স্থানীয় প্রবাসী বাঙালিদের আতিথেয়তা-আনুষ্ঠানিকতায় সময় চলে গেছে।’ অনন্ত আরও বলেন, ‘সৌদিতে কোনো সিনেমা হল নেই। এমনকি বাংলা ছবি দেখারও কোনো সুযোগ নেই। তারপরও অগণিত মানুষ আমাদের কাছে এসেছে, তারা বিভিন্নভাবে দেশ থেকে আমাদের ছবি সংগ্রহ করে দেখেছে, আমরা এতেই কৃতজ্ঞ। তাদের সাথে সময় কাটিয়েছি। কুশল বিনিময় করেছি। আল্লাহ-তায়ালার কাছে নিজের দেশের জন্য মঙ্গল কামনা করে প্রার্থনা করেছি।’ উল্লেখ্য, ফেসবুক অ্যাকাউন্টে এই তারকা দম্পতির ছবি পোস্ট করা হলে ভক্তদের ভেতরে যথারীতি ব্যাপক সাড়া পড়ে যায়। বর্ষা বলেন, ‘আমার মতে তারকাদের অনেক কিছুই ভক্তরা ফলো করে। এ কারণে আমরা মনে করেছি, আমাদের এই ভালো কাজগুলোকেই আরও বেশি জানানো দরকার। যাতে অন্যরা অনুপ্রাণিত হয়।’