তাইওয়ানের পার্লামেন্ট বিক্ষোভকারীদের দখলে

চীনের সঙ্গে একটি চুক্তির প্রতিবাদে শত শত ছাত্র ও আন্দোলনকারী তাইওয়ানের পার্লামেন্ট দখল করেছে। পুলিশ চেষ্টা করেও তাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। চীনের সঙ্গে ওই চুক্তির ফলে তাইওয়ানের অর্থনীতি ভেঙ্গে পড়বে এবং বেইজিং-এর খবরদারিও আরো বাড়বে যার ফলে ভারসাম্য নষ্ট হবে অভিযোগ তুলে মঙ্গলবার রাতে আন্দোলনকারীরা বিক্ষোভে ফেটে পড়ে এবং পার্লামেন্ট ভবন দখল করে। ২০১৩ সালের জুনে চীনের সঙ্গে ওই চুক্তিটি সই হয়। কিন্তু এখনো পর্যন্ত এটি আইন প্রণেতাদের (এমপি) অনুমোদন পায়নি। এই চুক্তির ফলে চীন-তাইওয়ান উভয়েই তাদের বাজারে স্বাধীনভাবে বিনিয়োগ করতে পারবে। তাইওয়ানের ক্ষমতাসীন দলের আইনপ্রণেতারা জানান, একটি যৌথ কমিটি এই চুক্তিটি পর্যালোচনা সম্পন্ন করেছে। তাদের এই ঘোষণার পরই আন্দোলনকারীরা পার্লামেন্ট অভিমুখে যাত্রা করে। একজন ছাত্রনেতা বলেন, “এই বাণিজ্যচুক্তি অবশ্যই তাড়াহুড়ো করে সুবিবেচনা ছাড়া পার্লামেন্ট অনুমোদন করতে পারে না।” তাইওয়ানের সবচেয়ে বাণিজ্যিক অংশীদার চীন। সামপ্রতিক বছরগুলোতে তাদের মধ্যকার সম্পর্কের আরো উন্নতি হয়েছে। ১৯৪৯ সালের গৃহযুদ্ধের পর থেকে চীন ও তাইওয়ান বিচ্ছিন্ন হয়ে পড়ে। যদিও চীন তাইওয়ানকে তার অংশ বলেই বিবেচনা করে।