কাতার নীতি বদলালেই পুনর্মিলন হবে

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল-ফয়সাল সতর্ক করে বলেছেন, কাতার যখন তার নীতি পরিবর্তন করবে তখনই শুধুমাত্র রিয়াদ ও দোহার মধ্যে পুনর্মিলন হবে। সৌদি মালিকানাধীন আল-হায়াত পত্রিকার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। সৌদি আরব, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এ মাসেই অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং মুসলিম ব্রাদারহুডকে সমর্থনের অভিযোগে কাতার থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে। আল-হায়াত পত্রিকাকে ফয়সাল বলেন, ‘দেশটির যে নীতির কারণে এই সংকট, তা যদি পুনর্মূল্যায়ন করা হয় তাহলে একটি সাফল্য অর্জিত হবে’। পররাষ্ট্র নীতি পরিবর্তনে ঐ তিন উপসাগরীয় প্রতিবেশী দেশের দাবিকে স্বাধীনতা ‘বিনিময়যোগ্য নয়’ বলে গত সপ্তাহে নাকচ করে দেয় কাতার। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এই সংকট শেষ করতে আমেরিকার মধ্যস্থতা প্রয়োজন হবে না।