গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
গলাচিপায় ১০-১২ ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়েছে জনতার হাতে। মঙ্গলবার রাতে উপজেলার লামনা গ্রামের লোকজন অজগরটি আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করে। বুধবার গলাচিপার পক্ষিয়া ফরেস্ট ক্যাম্পের চর কারফরমা সংরক্ষিত বনাঞ্চলে অজগরটি ছেড়ে দেওয়া হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের লামনা গ্রামের মন্টু মেম্বারের মাছের ঘেরের পাড়ে কয়েকজন পথচারী প্রথমে অজগর সাপটি দেখতে পায়। এরপর আরো লোকজন জড়ো হয়ে জাল দিয়ে পেঁচিয়ে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে অজগরটি উদ্ধার করে গলাচিপা থানায় নিয়ে আসে। পরদিন বনবিভাগের গলাচিপা সোস্যাল ফরেস্ট্রি প্লানটেশন সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান গলাচিপা থানা থেকে অজগরটি নিয়ে পক্ষিয়া ফরেস্ট ক্যাম্পের চর কারফরমা সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেন।
মশিউর রহমান জানান, অজগরটির দৈর্ঘ্য ১০ থেকে ১২ ফুট, ওজন আনুমানিক ৩০ কেজি। ধারণা করা হচ্ছে সাপটি ঘূর্ণিঝড় ফণী অথবা জোয়ারের পানিতে ভেসে বকুলবাড়িয়া এলাকায় আসে।
গলাচিপা থানার ওসি মো. আখতার মোর্শেদ জানান, অজগরটি আটকের পর কেউ কেউ বিক্রি এবং কতিপয় লোক এটি মেরে ফেলার উদ্যোগ নেয়। তাই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে থানায় নিয়ে আসি। এরপর ফরেস্ট কর্মকর্তাসহ চর কারফরমা বনাঞ্চলে ছেড়ে দেই।