মদনে ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার

নেত্রকোণার মদন উপজেলার পদমশ্রী সকালের বাজার ও সিমের হাটির সংযোগস্থল ফড়িং খালের ওপর বাঁশের সাঁকো দিয়ে পারাপারে এলাকাবাসীর চরম দুর্ভোগ। জানা যায়, গোবিন্দশ্রী ও মাঘান ইউনিয়নের পদারকোণা, রানীহালা, ঘাটুয়া গ্রামের লোকজনসহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যাংক কর্মচারী, পরিবার কল্যাণ স্বাস্থ্যকেন্দ্রের সেবা গ্রহিতারা ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন এপার-ওপার যাতায়াত করতে গিয়ে অনেকেই দুর্ঘটনার কবলে পড়ছে। কদমশ্রী গ্রামের আঃ কাদির জানান, স্বাধীনতার পর থেকে জনপ্রতিনিধিরা নির্বাচন এলেই এই নদীর ওপর সেতু নির্মাণ করে দিবেন বলে প্রতিশ্রুতি দিলেও আজও তা বাস্তবায়ন হয়নি। এবার উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরাও ভোটের আশায় একই প্রতিশ্রুিতি দিচ্ছেন। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী হায়দার আলী মিয়া জানান, এখনই এখানে সেতু নির্মাণের পরিকল্পনা নেই তবে ভবিষ্যতে নির্মাণের পরিকল্পনা রয়েছে।