মনপুরায় আওয়ামী লীগ বিএনপি’র একক প্রার্থী

২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রার্থীরা মাঠ গোছাতে দৌড়-ঝাপ শুরু করেছেন। প্রতীক বরাদ্দের পর পরই প্রার্থীরা ব্যাপক প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নির্বাচনকে ঘিরে তৃণমূল ত্যাগী নেতা-কর্মীদের কাছে টানতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন প্রার্থীরা। নির্বাচনে আ’লীগ সমর্থক প্রার্থীর প্রচার-প্রচারণায় মাঠ সরগরম হয়ে উঠেছে। প্রচার-প্রচারণা ও গণসংযোগে আ’লীগ প্রার্থী এগিয়ে। আ’লীগের একক প্রার্থী হিসেবে সাবেক এমপি জাফর উল্লাহ চৌধুরীর সহধর্মিণী ও আ’লীগ যুগ্ম আহবায়ক মিসেস সেলিনা আক্তার চৌধুরী আনারস মার্কা নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অপরদিকে বিএনপি’র একক প্রার্থী হিসেবে উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব শামসুউদ্দিন বাচ্চু চৌধুরী দোয়াত কলম মার্কা নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উভয় দলের উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা তৃণমূল নেতা-কর্মীদের সমর্থন আদায়ের আপ্রাণ চেষ্টা করছেন। অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আ’লীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আঃ লতিফ ভুঁইয়া পানির কল ও আ’লীগ বিদ্রোহী প্রার্থী স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ ছালাহউদ্দিন হেলাল তালা মার্কা প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে দলীয় হাইকমান্ডের সমর্থন রয়েছে আঃ লতিফ ভুঁইয়ার প্রতি। এদিকে ১৯ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতের আমির হাফেজ মাও.মোঃ রফিকুল ইসলাম চশমা প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত নিহার নারগিছ (কলস), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার রেবু (হাঁস) নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী ইয়াছমিন জাহান মিনু (ফুটবল) প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।