যশোরে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

অস্ত্রবাজ সন্ত্রাসী দিয়ে ভোট ডাকাতি করা বিএনপির ঐতিহ্য বলে মন্তব্য করেছে যশোর জেলা আওয়ামী লীগ। সদর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বিএনপির সংবাদ সম্মেলনের বক্তব্য প্রত্যাখ্যান করে পাল্টা সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, ভোট ডাকাতি যেমন তাদের ঐতিহ্য, তেমনি পরাজিত হলেই ভোট ডাকাতির অভিযোগ করাও বিএনপির ঐতিহ্য। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আরোপিত সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মেয়র এসএম কামরুজ্জামান চুন্নু লিখিত বক্তব্য পাঠ করেন। এসএম কামরুজ্জামান চুন্নু বলেন, বিচ্ছিন্ন ঘটনা রাজনৈতিকভাবে ব্যবহার করে বিএনপি ব্যক্তিস্বার্থ হাসিলের পায়তারা করছে। ২৩ মার্চ জনগণ ব্যালটের মাধ্যমে শাহীন চাকলাদারকে বিজয়ী করে এর সমুচিত জবাব দেবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট পিযুষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী রায়হান, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, দপ্তর সম্পাদক মীর জহুরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, কৃষি বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক গাজী আব্দুল কাদির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক জয়ন্ত বিশ্বাস প্রমুখ।