কটিয়াদীতে নির্বাচনী লড়াই জমে উঠেছে

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে। চেয়ারম্যান পদে ১৯ দলীয় ঐক্য জোট, আওয়ামী লীগের একক প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মাঝে এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। প্রার্থীরা চোখের ঘুম হারাম করে রাত-দিন ছুটে চলেছেন ভোটারদের বাড়ি বাড়ি। ভোটারদের আকৃষ্ট করার লক্ষ্যে প্রার্থীরা নানান কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অপরদিকে ভোটাররাও বসে নেই । ভোটাররা হিসাব-নিকাশ করছেন কাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আগামী ২৩ মার্চ নির্বাচনে উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের তৃণমূলের নির্বাচিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন (ঘোড়া), বর্তমান চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদের উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক লীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী লায়ন মো: আলী আকবর (কাপ-পিরিচ) এবং ১৯ দলীয় ঐক্য জোটের বিএনপি প্রার্থী সাবেক ঢাকসু নেতা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহীদুজ্জামান কাকন (আনারস) মার্কা নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অপর দিকে জেলা সিপিবির সভাপতি এবং হযরত মিয়া চান্দশাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম (দোয়াত-কলম) ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে শহীদুজ্জামান স্বপন (মোটর সাইকেল) প্রতীক নিয়ে তাদের প্রচারণা শুরু করেছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী প্রচারণায় উপজেলার প্রতিটি ইউনিয়নে চলছে মাইকিং, চলছে গণসংযোগ। পাশাপাশি মিছিল-মিটিংসহ নানা রকম কর্মসূচি। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আওয়ামী লীগের রবিউল আওয়াল রবি (টিউবওয়েল), বিএনপির সাইদুর রহমান (মাইক), এড. আলাউদ্দিন আহমেদ (চশমা), জামায়াতের শফিকুল ইসলাম মোড়ল (বৈদ্যুতিক বাতি), ইসলামী ঐক্যজোট মাওলানা হাদিউল ইসলাম (তালা), স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন রানা (টিয়াপাখি)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার (হাঁস), আওয়ামী লীগ থেকে নওরীন সুলতানা (ফুটবল), বিএনপি থেকে তাছলিমা আক্তার (প্রজাপতি), স্বতন্ত্র প্রার্থী হিসাবে রোকসানা আক্তার (পদ্মফুল) ও সাথী বেগম (কলস) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।