পুসকাসের সমকক্ষ হলেন রোনালদো
প্রকাশ : ১৯ মার্চ ২০১৪, ২২:০৬
পর্তুগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে জোড়া গোল করে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসের সমকক্ষ হলেন। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ডটিরও সমকক্ষ হতে চলেছেন তিনি।
রিয়াল মাদ্রিদের হয়ে পুসকাসের রেকর্ডটি হলো ২৪২ গোলের। রোনালদো পুসকাসের চাইতে ২৫ ম্যাচ কম খেলে এ রেকর্ডটির সমকক্ষ হন মঙ্গলবার রাতে জার্মান ক্লাব শালকের বিরুদ্ধে গোল করে। রিয়াল খেলাটিতে ৩-১ গোলে জয়ী হয়। তবে রিয়ালের সর্বকালের সেরাদের হিসেবে তিনি এখনো চতুর্থ স্থানে। সামনে আছেন রাউল গঞ্জালেস (৩২৩), ডি স্টেফানো (৩০৫) ও কার্লোস সান্টিলানা (২৮৯)।
অপরদিকে চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে সর্বোচ্চ ১৪ গোলের রেকর্ডটি হলো বার্সেলোনা তারকা লিওনেল মেসির। রোনালদোর রেকর্ডটি থেকে আর মাত্র এক গোল দুরে আছেন।
ফিফার বর্ষসেরা এই ফুটবলার চলতি মৌসুমে রিয়ালের হয়ে ৪১ গোল করেছেন। এ নিয়ে টানা চতুর্থ মৌসুম ৪০ গোলের কৃতিত্ব দেখালেন তিনি।
আর্জেন্টিনার অধিনায়ক মেসি রেকর্ডটি গড়েছিলেন ২০১১-১২ মৌসমে। তবে রোনালদোরও আগের দুটি মৌসুমে সর্বাধিক গোল রয়েছে। ২০০৭-০৮ মৌসমে আটটি ও গত মৌসমে সর্বাধিক ১২ গোল করেছিলেন।