নির্বাচনী প্রচারণায় সরগরম নাইক্ষ্যংছড়ি

আগামী ২৩ মার্চ জেলার সর্বশেষ উপজেলা নির্বাচনকে ঘিরে জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা অবস্থান নিয়েছেন নাইক্ষ্যংছড়িতে। ছুটে বেড়াচ্ছেন নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ী জনপদ। দলীয় সমর্থিত প্রার্থীদের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। নাইক্ষ্যংছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন দু’জন প্রার্থী। আওয়ামী লীগসহ ১৪ দল সমর্থিত প্রার্থী মো: শফিউল্লাহ (আনারস) এবং বিএনপিসহ ১৯ দল জোট সমর্থিত প্রার্থী কারান্তরীণ তোফাইল আহমদ (মোটর সাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে আওয়ামী লীগসহ ১৪ দল সমর্থিত প্রার্থী মো: শফিউল্লাহসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। চষে বেড়াচ্ছেন নাইক্ষ্যংছড়ির প্রত্যন্ত অঞ্চলগুলো। এদিকে চেয়ারম্যান ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত কামালউদ্দিন (চশমা), আওয়ামী লীগ সমর্থিত চোচু মং মারমা (টিয়া পাখি), আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মির্জা হাবীব (উড়োজাহাজ), জামায়াত সমর্থিত অবছার কামাল (তালা), বিএনপি বিদ্রোহী প্রার্থী ফরিদুল আলম (টিউবওয়েল) প্রতীক নিয়ে লড়ছেন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী হামিদা চৌধুরী (ফুটবল) এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ওজিফা খাতুন রুবী (কলস) প্রতীক নিয়ে লড়ছেন।