সেই উইন্ডিজই থামালো লঙ্কার জয়রথ!

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ দিয়ে শুরু, এরপর এশিয়া কাপ-বাংলাদেশের মাটিতে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সটা এক অর্থে অসাধারণই ছিল শ্রীলঙ্কার জন্য। টানা দেড় মাসের বেশি সময়ে এখানে একটি ম্যাচেও হারতে হয়নি তাদের। এশিয়া কাপের পর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে এসেও সেই একই চিত্র। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু। অবশেষে গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের জয়রথ থামলো। আবারও তাদের সামনে বাধা হয়ে দাঁড়ালো ওয়েস্ট ইন্ডিজ। দুই বছর আগে কলম্বোতে এই ওয়েস্ট ইন্ডিজের কাছে ফাইনালে হেরেই শিরোপা স্বপ্নে মাটি চাপা পড়ে লঙ্কানদের। সেই ৩৬ রানে হারের স্মৃতি গতকাল আবারও ফিরে আসলো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ওয়েস্ট ইন্ডিজের এবারের জয়টাও কাছাকাছি ব্যবধানেই। এবারও প্রথমে ব্যাট করে উইন্ডিজ দল জিতেছে ৩৩ রানে। এদিন টসে হেরে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে নায়ক দুজন—ওপেনার ডোয়াইন স্মিথ ও ডোয়াইন ব্রাভো। স্মিথ ৪৫ বলে ৬০ ও ব্রাভো ৩১ বলে ৪৩ রান করেন। শেষের দিকে অধিনায়ক ড্যারেস স্যামি ১৪ বলে করেন ৩০ রান। সব মিলিয়ে পাঁচ উইকেটে ১৭২ রান করে উইন্ডিজ দল। গতকাল বিশ্রামে ছিলেন প্রথম প্রস্তুতি ম্যাচে চার উইকেট পাওয়া পেসার লাসিথ মালিঙ্গা। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে দুটি উইকেট নেন স্পিনার রঙ্গনা হেরাথ। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন অজন্তা মেন্ডিস, সেকুগ্গে প্রসন্ন ও সুরঙ্গ লাকমাল। ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদের মধ্যে ছিল শ্রীলঙ্কা। মাত্র ১৮ রানের মধ্যে চার রান করে কুশল পেরেরা ও কোন রান না করেই মাহেলা জয়াবর্ধনে ফিরে যান। সেই অবস্থায় দলের হাল ধরেন অভিজ্ঞ দুই ব্যাটসম্যান তিলকারত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারা। ইনজুরি আর অফফর্ম মিলিয়ে অনেকদিন নিজের সেরা খেলার মধ্যে ছিলেন না দিলশান। গতকাল কিছুটা হলেও নিজেকে ফিরে পেলেন। ৩৬ বলে ছয়টি চারের সমন্বয়ে করলেন ৪৩ রান। আর সাঙ্গাকারা করেছেন ২৪ রান। ৫৪ রানের জুটি গড়ে কিছুটা বাধ দেয়ার চেষ্টা করেছিলেন এই দুই ব্যাটসম্যান। তবে, মাত্র এক রানের ব্যবধানে দুই ব্যাটসম্যানের বিদায়ে জয়ের সম্ভাবনা কমে আসে লঙ্কানদের। আর পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় জয় থেকে ৩৩ রান দূরে থাকতেই অল আউট হয়ে যায় তারা। নিয়মিত বিরতিতে উইকেট পতনে চার বল বাকি থাকতে অল আউট হবার আগে শ্রীলঙ্কা করে মাত্র ১৩৯ রান। ব্যাটিংয়ের দাপটের পর মিডিয়াম পেস বোলিংয়ে তিনটি উইকেটও নিয়েছেন ডোয়াইন ব্রাভো। তবে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের জন্য এদিন সবচেয়ে বড় দানব হয়ে ওঠেন স্পিনার সুনীল নারাইন। চার ওভার বোলিং করে ২৪ রান দিয়ে তিনি পেয়েছেন চারটি উইকেট। এই জয়ের ফলে দুটি প্রস্তুতি ম্যাচের দুটিতে জিতেই সুপার টেন শুরু করতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আর গতবারের রানার আপ শ্রীলঙ্কার দুই ম্যাচে একটি জয় আর একটি হার। সুপার টেন শুরু হবে আগামীকাল থেকে।