পেশাদার লিগের ১ম পর্ব শেষ হচ্ছে আজ
শেখ জামাল-বারিধারা ম্যাচ আজ
প্রকাশ : ১৯ মার্চ ২০১৪, ২২:১০
শেখ জামাল ধানমন্ডি ক্লাব আর উত্তর বারিধারা ক্লাবের ম্যাচ দিয়ে আজ নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্বের খেলা শেষ হতে যাচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল সাড়ে ৫টায় শুরু হবে খেলাটি।
পেশাদার লিগের প্রথম পর্ব শুরু হয়েছিল ২৭ ডিসেম্বর। শেখ জামাল ক্লাব আইএফএ শিল্ড ফুটবল খেলতে যাওয়ার কারণে তিনটি ম্যাচ অবশিষ্ট রয়ে যায়। ঢাকায় ফিরে বিজেএমসির বিরুদ্ধে একটি ম্যাচের পর টি টোয়েন্টি বিশ্বকাপের কনসার্টের কারণে মাঠ পাওয়া যায়নি। অবশিষ্ট দু’ম্যাচের দ্বিতীয়টি হয়ে গেছে সোমবার। তাই আজকের ম্যাচটির পর লিগের প্রথম পর্বের খেলাও শেষ হবে।
শেখ জামাল এ খেলায় জিতলে ২১ পয়েন্ট পেয়ে একাই শীর্ষে উঠে লিগের প্রথম পর্ব শেষ করবে, এটা নিশ্চিত। নয় খেলায় ১৯ পয়েন্ট নিয়ে আবাহনী এর আগে প্রথম পর্ব শেষ করেছে।
উত্তর বারিধারা ক্লাব অপেক্ষাকৃত দুর্বল দল। আট খেলায় তারা পেয়েছে ৬ পয়েন্ট, হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। ড্র করেছে মোহামেডান, চট্টগ্রাম আবাহনী, সকার ক্লাবের বিরুদ্ধে। লিগে টিকে থাকার জন্য লড়াই করছে উত্তর বারিধারা ক্লাব। দলটি শেখ জামালের মতো শক্তিশালী না। তারপরও শেখ জামাল আজকের প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগে হিসাব-নিকাশ করছে। তাতে মোহামেডানের কথাই উঠে আসছে আগে।
কারণ লিগের নবাগত দল উত্তর বারিধারা মোহামেডানের সাথে ড্র করে চমক দেখিয়েছিল। শেখ জামালের সাথে হয়তো সেটা হবে না। তবে বাস্তবে কি হবে সেটাও বলা যায় না। গত সোমবার অনুষ্ঠিত ম্যাচে শেখ রাসেলকে হারাতে গিয়ে শেখ জামালের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ভাগ্য ভালো ৮৯ মিনিটে সনি গোলটা পেয়েছিল। তা না হলে সেদিন আরো একটি ড্র নিয়ে ফিরতে হতো তাদের। উত্তর বারিধারার জন্য ভালো খবর হচ্ছে বিপক্ষ দলের ত্রাস, শেখ জামালের হাইতির ফরোয়ার্ড সনি নরদে শেখ রাসেলের খেলাটিতে লালকার্ড পাওয়ায় খেলতে পারছেন না। তাতে অন্তত একটা অস্ত্র কম থাকছে প্রতিপক্ষের ফরোয়ার্ড লাইনে। তবে সনি না থাকলেও শেখ জামালের ফরোয়ার্ড লাইনে আছেন ওয়েডসন এবং এমেকা ডার্লিংটন। এই দু’জন উত্তর বারিধারার রক্ষণভাগ ভেঙ্গে টুকরো টুকরো করে দিতে পারেন। যদিও ওয়েডসন, ডার্লিংটনরা কিন্তু আইএফএ শিল্ড থেকে ফিরে খেলার মাঠে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। এ কারণেই ঢাকায় ফিরে শেখ জামাল ড্র করে পয়েন্ট হারিয়েছে বিজেএমসি ও আবাহনীর কাছে। কলকাতায় যাওয়ার আগে মোহামেডানের সাথে ড্র করেছিল। তিন ড্রয়ের পর শেখ রাসেলকে হারিয়ে জয়ে ফিরলেও স্বস্তিতে নেই দলটি। এখন ম্যাচটি জিততে পারলে প্রথম পর্বে অপরাজিত থাকার একটা বাড়তি স্বাদ পাবে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে গড়া দলটি।