বাংলাদেশের সামনে আজ ইরানের বাধা
প্রকাশ : ১৯ মার্চ ২০১৪, ২২:১২
এশিয়ান গেমস হকির বাছাইপর্বে ইরানের বিরুদ্ধে বাংলাদেশের খেলাটি আজ বিকাল চারটায়। কঠিন লড়াই হবে ধরে নিয়ে কড়া প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। খেলোয়াড়রাও ভীষণ একাগ্রতায় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে দুপুরের কড়া রৌদ্র উপেক্ষা করেই কাল কঠোর পরিশ্রম করলেন।
সাইড লাইনে দলের কর্মকর্তা জাকি আহমেদ রিপন, মাহবুবুল এহসান রানাসহ অন্য কর্মকর্তারা মাঠের অনুশীলন দেখছেন। গোল পোষ্টে অসীম গোপকে দাঁড় করিয়ে সারোয়ার-শেখ নান্নু-কৌশিক-নিলয়-কৃষ্ণা বল নিয়ে প্রতিপক্ষের উপর আক্রমণের অনুশীলন করছিলেন। কিভাবে ফিল্ড গোল আদায় করা যায়, সেটা ষ্টিক ধরে ধরে ছক এঁকে দেখিয়ে দিচ্ছিলেন বাংলাদেশ হকি দলের পাকিস্তানী কোচ নাভিদ আলম।
কারণ, এশিয়ান গেমস হকির বাছাইপর্বে বাংলাদেশ হকি দল দুই ম্যাচ জিতলেও প্রত্যাশানুসারে ফিল্ড গোল না পাওয়ায় আক্ষেপ আছে কোচের। তিনি বার বার বলে আসছিলেন ফিল্ড গোল আসছে না। তার দল যে পরিমাণে ফিল্ড গোল করার সুযোগ পাচ্ছে সেভাবে গোল আদায় হচ্ছে না বলে দুর্বলতার দিকটায় নজর দিয়েছেন তিনি। সমস্যা সারিয়ে তুলতে কাল দুপুরে প্রচণ্ড গরমের মধ্যে খেলোয়াড়দের নামিয়ে দিলেন কোচ।
কোচ তার দলের আক্রমণভাগের সমস্যাটা বুঝতে পারছেন। তিনি কাল দুপুরে অনুশীলনের পর বলছিলেন, ‘ফিল্ড গোল না পাওয়ার কারণ হচ্ছে ফিনিশিং টাচের অভাব।’ কোচের কথা হচ্ছে আক্রমণটা ঠিকই হচ্ছে। কিন্তু সে অনুসারে গোল পাচ্ছে না। পুরোপুরি নিশ্চিত হয়ে পোষ্টে হিট করতে চায় খেলোয়াড়রা। আর তাতেই বল খোয়াচ্ছেন তারা। এটাই এখন সমস্যা বলে মনে করছেন তিনি। এখন সেটা দূর করার জন্যই যত পরিকল্পনা আঁটছেন। অনুশীলন মাঠ থেকে বেরিয়ে ক্লান্ত খেলোয়াড়রা তৃষ্ণা নিবারণের জন্য ডাবের পানি খেয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বললেন। তাদের কণ্ঠেও কোচের সুর। ফিল্ড গোল না পাওয়া। কৃষ্ণা বলছিলেন, ‘গোল কম পাচ্ছি। কি কারণে এটা হচ্ছে সেটার দিকে কোচ প্রেসার দিচ্ছেন।’ সিঙ্গাপুরের বিরুদ্ধে কৃষ্ণার গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। কৃষ্ণা কাল বলেন, ‘আমাদের মধ্যে বল কমিউনিকেশনটা আরো বেশি বাড়ানো দরকার। যে কারণে কোচ আমাদের সেটা দেখিয়ে দিলেন।’
জাতীয় দলের সিনিয়র খেলোয়াড় হাসান জুবায়ের নিলয় দারুণ খেলে যাচ্ছেন। ইরানকে ভয় পাচ্ছেন না এই সেন্টার ফরোয়ার্ড। আজকের ম্যাচ নিয়ে নিলয় বলেন, ইরান ভালো দল। তবে আমাদের শক্তিটা বেশি। আমরা হার্ডওয়ার্ক করছি। আশাকরি ভালো রেজাল্ট করবো।’ খেলোয়াড়রা হার্ডওয়ার্ক করছে বলে ভরসা পাচ্ছেন পাকিস্তানী কোচ নাভিদ আলম।
সেই আত্মবিশ্বাস থেকে তিনি বলছেন, নিলয়, মিমো, কৌশিকদের আক্রমণ ঠেকানো প্রতিপক্ষের জন্য কঠিন হবে।’ ইরান সম্পর্কে কোচ বললেন, ওরা শারীরিক সক্ষমতার দিক থেকে এগিয়ে। আর আমরা ট্যাকটিক্যাল দিক থেকে এগিয়ে। আমরা আমাদের খেলাটা খেললে জয়টা নিয়েই মাঠ ছাড়বো।’ কথাগুলো বলেই এই পাকিস্তানী কোচ ইঙ্গিত দিলেন তিনি এশিয়ান গেমস হকিতে তার বিশেষ কিছু কৌশল ব্যবহার প্রয়োগ করবেন, বলছিলেন স্পেশাল মেথড ব্যবহার করবেন। সেটা কী ? জানতে চাইলে নাভিদ আলম বলেন,‘প্রকাশ করবো না।’ কোচ অনেক কিছুই করেন তার দলের স্বার্থে। সবাইকে জানাতে চান না। এটা তার কৌশল। তবে বাংলাদেশ চায় সাফল্য। সেটা পেলেই সব পাওয়া হবে হকি অনুরাগীদের।
বাংলাদেশ হকি দল ৫-১ গোলে হংকংকে এবং ২-০ গোলে সিঙ্গাপুরকে হারিয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে। আজ ইরানের বিরুদ্ধে জয় অথবা ড্র হলেও বাংলাদেশ বি গ্রুপ চ্যাম্পিয়ন হবে। ইরান বাংলাদেশকে হারাতে পারলে গোল গড়ের হিসাবটা উঠে আসবে।
সেমিতে ওমান শ্রীলংকা
এশিয়ান গেমস হকির বাছাই পর্বে এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ওমান এবং গ্রুপ রানার্সআপ হয়েছে শ্রীলংকা। গতকাল হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ওমান ৩-১ গোলে কাতারকে হারিয়ে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়। ৩ ম্যাচে ওমানের ৯ পয়েন্ট। ওমানের পাশাপাশি একই গ্রুপে রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে শ্রীলংকা। দিনের প্রথম ম্যাচে শ্রীলংকা ৩-১ গোলে কাতারকে হারায়। শ্রীলংকার পয়েন্ট তিন খেলায় চার। এ গ্রুপে চায়নীজ তাইপে তিন ম্যাচের মধ্যে একমাত্র জয় কাতারের বিরুদ্ধে। অন্য দিকে কাতার প্রথম ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট পেয়েছিল। এ গ্রুপে চারটি দল খেলেছে ঃ ওমান, শ্রীলংকা, চায়নীজ তাইপে এবং কাতার।