উপজেলা নির্বাচনের ফল ছিনিয়ে নিচ্ছে ক্ষমতাসীনরা
প্রকাশ : ১৯ মার্চ ২০১৪, ২২:৪৬
সরকার সমর্থকরা সন্ত্রাস, সহিংসতার মাধ্যমে উপজেলা নির্বাচনের ফলাফল ছিনিয়ে নিচ্ছে বলে আবারো অভিযোগ করলেন বিএনপির যুগ্ম-মহাসচিব রিজভী আহমেদ। গতকাল বুধবার বিকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, এই সরকার কোনো কিছু মানছে না। দেশে চলছে র্যাব, পুলিশ ও বিজিবি’র দ্বারা সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করার গণতন্ত্র। তারা দলের শীর্ষ নেতাদের গ্রেফতার করে কারাগারে পাঠাচ্ছে। ভয়ঙ্কর জুলুম নির্যাতন অব্যাহত রেখেছে।
জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তার কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘তার মিথ্যা কাহিনী শুনতে শুনতে জাতি ক্লান্ত হয়ে গেছে। জিয়া ও তার পরিবারের বিরুদ্ধে বিষোদগার না করলে তার ঘুম হয় না।’
দলের অপর যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদ বলেন, টিআইবির রির্পোট যখন আওয়ামী লীগের পক্ষে যায় তখন সেটা সঠিক আর যখন সেটা বিপক্ষে যায় তখন সেটা মিথ্যা। এটা রেকর্ডেড।
এসময় অন্যান্যের মধ্যে দলীয় নেতা মো. শাহজাহান, জাসাস সভাপতি এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন ।