সোনিয়া ও মোদীর বিরুদ্ধে প্রার্থী ঘোষণা তৃণমূলের
প্রকাশ : ১৯ মার্চ ২০১৪, ২২:৪৭
ভারতে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থীর নাম ঘোষণা করেছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। পঞ্চম দফায় তৃণমূল কংগ্রেস দিল্লি ও উত্তর প্রদেশ কেন্দ্রের মোট ১৮জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। গতকালের মূল আলোচনার বিষয় ছিলেন সোনিয়া ও মোদীর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থীরা। রায়বেরিলি কেন্দ্রে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে নির্বাচন যুদ্ধে লড়তে তৃণমূলের প্রার্থী হয়েছেন উমেশ মিত্র। এছাড়া অ্যামেথিতেও প্রার্থী দেওয়া হয়েছে। এর আগে নয়াদিল্লি কেন্দ্রে অভিনেতা বিশ্বজিত চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছিল। মোদীর বিরুদ্ধে বারানসি কেন্দ্রে লড়তে তৃণমূল দায়িত্ব দিয়েছেন ইন্দিরা তিওয়ারিকে। নির্বাচনে লড়াই করতে গত মাসে তিওয়ারি অখিল ভারতীয় মহাসভার সাধারণ সচিবের পদ থেকে পদত্যাগ করেছিলেন। এর আগে বারানসিতে মোদীর বিরুদ্ধে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
এদিকে, লোকসভা নির্বাচনে প্রার্থীদের খরচের সর্বোচ্চ সীমা বৃদ্ধি করা হয়েছে। আগে একজন প্রার্থী সর্বোচ্চ ৪০ লাখ রুপি খরচ করতে পারতেন। কিন্তু সেই সীমা বৃদ্ধি করে ৭০ লাখ করা হয়েছে। ফলে দারুণ খুশি হয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীরা। রাজ্য নির্বাচন দপ্তরের নির্দেশে জেলা নির্বাচন কর্মকর্তারা খরচে নজরদারির জন্য বিভিন্ন জিনিসের দর বেঁধে দিয়ে যে নির্দেশিকা জারি করেছেন, তাও প্রার্থী এবং দলগুলিকে যথেষ্ট খুশি করেছে। তাছাড়া কমিশন জানিয়েছে, কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে কোনও বাধা নেই।