প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
প্রকাশ : ১৯ মার্চ ২০১৪, ২২:৪৮
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২৮ মার্চ দুপুর আড়াইটায় এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গতকাল বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে কয়েক দফা সময়সূচি পরিবর্তনের পর এ পরীক্ষা স্থগিত করার কোন ব্যাখ্যা দেয়নি মন্ত্রণালয়।
লিখিত পরীক্ষা বাতিল হওয়া ১৭টি জেলার মধ্যে রয়েছে-ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, কক্সবাজার, লালমনিরহাট, নেত্রকোনা, শেরপুর, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, পাবনা, ঝিনাইদহ, রাজবাড়ী, মেহেরপুর, খুলনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার। এ সব জেলায় নতুন করে পরীক্ষা নেওয়ার কথা ছিল। প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়ায় গত আট ডিসেম্বর এ পরীক্ষা বাতিল করা হয়। গত ১৪ মার্চ লিখিত পরীক্ষার সময় নির্ধারণ করা হলেও পরে তা পরিবর্তন করে ২৮ মার্চ সকালে নির্ধারণ করা হয়। পরে সকাল থেকে তা দুপুরে নেওয়া হয়।