পশ্চিমের জেলাগুলোতে লিচুর বাম্পার ফলন, দামও সস্তা

ভ্রাম্যমাণ প্রতিনিধি

পশ্চিমের জেলাগুলোতে এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। প্রায়  প্রতিটি গাছে লিচু ধরেছে। লিচুর ভারে গাছ নুইয়ে পড়েছে। চাষিরা বাঁদুর ও অন্য পাখির হাত থেকে লিচু রক্ষার জন্য ব্যস্ত সময় পার করছেন। বাজারে লিচুর ভরা মৌসুম চলছে। দাম গত বছরের চেয়ে সস্তা। পশ্চিমের মাগুরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় এখন বাণিজ্যিকভাবে লিচুর চাষ হচ্ছে। এসব বাগানে বোম্বাই, মোজাফফরপুরি ও চায়না জাতের লিচুর চাষ হচ্ছে। দেশি জাতের লিচু শেষ পর্যায়ে। এবার বাগান থেকে প্রতি হাজার দেশি জাতের লিচু ১১শ টাকা দরে বিক্রি হয়। এখন উঠছে বোম্বাই ও মোজাফ্ফরপুরি জাতের লিচু। প্রতি হাজার বিক্রি হচ্ছে ১২শ টাকা  থেকে ১৪শ টাকা পর্যন্ত দরে।  চায়না জাতের লিচু উঠবে আরো কয়েকদিন পরে। 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাবিবপুর গ্রামের চাষি শুকুর আলি জানান, তার বাগানে আটটি গাছে প্রচুর লিচু ধরেছে। দেশির জাতের লিচু প্রতি হাজার ১১শ টাকা দরে বিক্রি করেছেন। বোম্বাই জাত প্রতি হাজার ১২শ টাকা দরে বিক্রি হচ্ছে। আর জাতভেদে খুচরা প্রতিশ একশ টাকা থেকে আড়াইশ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে।  

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর আঞ্চলিক অফিসের অতিরিক্ত পরিচালক সমীর কুমার গোস্বামী জানান, পশ্চিমের ছয় জেলায় দুই হাজার ৯৮ হেক্টরে লিচু বাগান গড়ে উঠেছে। নতুর গড়ে ওঠা বাগানে উন্নতজাতের লিচু চাষ হচ্ছে। লাভ পাওয়ায় চাষি লিচু বাগান তৈরিতে ঝুঁকেছে।