রাজশাহীতে বিএনপি নেতা মিনুর মুক্তির দাবিতে বিক্ষোভ

কারাগারে থাকা বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি মিজানুর রহমান মিনুর মুক্তির দাবিতে নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা। নগরীর ভুবনমোহন পার্কে গতকাল বুধবার দুপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে মিনুর নিঃশর্ত মুক্তির দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়। তাকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে জরুরি সভায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় দলের নির্বাহী কমিটি। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বলেন, বিরোধী দলের আন্দোলন দমনের নামে সরকার দেশজুড়ে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। সরকারের চলমান জুলুম-নির্যাতনে বিএনপির আন্দোলন থামানো যাবে না।