পিরোজপুরে বিএনপি সতর্থিত চেয়ারম্যান প্রার্থীর গাড়ি ভাংচুর

নির্বাচনী প্রচারকালে পিরোজপুর সদর উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এলিজা জামানের মাইক্রোবাস ভাংচুর ও ড্রাইভারকে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালে পিরোজপুরের পাড়েরহাট বন্দরে এ হামলার ঘটনা ঘটে। এ সময় তিনি দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে সদর উপজেলার বাদুরা ও চিথলিয়া গ্রামে গণসংযোগ করছিলেন। এ এলাকার অদূরে জিয়ানগর উপজেলার পাড়েরহাট বন্দরের পুলিশ নৌ-ফাঁড়ির পাশে তাকে বহনকারী মাইক্রোবাসটি রাখা ছিল। তখন একদল সন্ত্রাসী গাড়িটি ভাংচুরের পর ড্রাইভার বাচ্চুকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। গাড়ির ড্রাইভারকে জখম ও কর্মী-সমর্থকদের উপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে এলিজা জামান গতকাল বুধবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন।