তিন পরিবহন শ্রমিকের মুক্তির দাবি
পাবনায় আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
প্রকাশ : ১৯ মার্চ ২০১৪, ২২:৫৩
তিন পরিবহন শ্রমিকের মুক্তির দাবিতে পাবনায় আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্যে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন। টাঙ্গাইলের কালিহাতি থানা পুলিশের গ্রেফতারকৃত ওই তিন শ্রমিককে পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।
পাবনা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়েনের সভাপতি ফিরোজ হোসেন জানান, গত শুক্রবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী কাব্য পরিবহনের এক যাত্রীর আট লাখ টাকা খোয়া যায়। পরে ওই যাত্রী টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় এ ব্যাপারে অভিযোগ করেন। কালহাতি থানা পুলিশ বিষয়টি সিরাজগঞ্জের শাহজাদপুর থানাকে অবহিত করলে পুলিশ ওই এলাকায় পৌঁছলে গাড়িটি থামিয়ে চালকসহ তিনজনকে আটক করে।
এ ঘটনার প্রতিবাদে এবং আটককৃত পরিবহন শ্রমিকদের অবিলম্বে নি:শর্ত মুক্তির দাবিতে পাবনা জেলায় আজ থেকে অনির্দিষ্টকালের জন্যে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।