ফকিরহাটে উপজেলা চেয়ারম্যানের দাফন, হরতাল পালন

বাগেরহাটের ফকিরহাটে বিজিবির নির্যানে নিহত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সরদার নিয়ামত হোসেনের দাফন সম্পন্ন এবং শান্তিপূর্ণভাবে আধাবেলা হরতাল পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টায় নিহতের সাতশিকা গ্রামের বাড়িতে প্রথম জানাযা এবং কাজী আজাহার আলী কলেজ মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী, জেলা প্রশাসক মুঃ শুকুর আলী, এডভোকেট ফরিদ আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান খাঁন মুজিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও তার সমর্থকরা। জানাযা শেষে সদরে অবস্থিত তার বাড়ির আঙ্গিনায় তাকে দাফন করা হয়। এর আগে তাকে হত্যার প্রতিবাদে উপজেলা সদর কাটাখালী, টাউন নওয়াপাড়া বাজার মোড়, ফলতিতা, সিংগাতী, বেতাগা, শুভদিয়া, লখপুর, খাজুরাসহ বিভিন্ন বাজারে কালো পতাকা উড়িয়ে সকল দোকানপাট বন্ধ করে আধাবেলা হরতাল পালন করা হয়। জেলা প্রশাসক মুঃ শুকুর আলী জানাযায় সকলের উদ্দেশে বলেন, অভিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামকে ২৭ ফেব্রুয়ারি ওএসডি করে জনপ্রশাসন বিভাগকে অবহিত করা হয়েছে। উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি সকালে নির্বাচন চলাকালে সাতশিকা কেন্দ্রের বাইরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নির্দেশে বিজিবির সদস্যরা তাকে নির্যাতন চালায়। গত ১৮ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তিনি মারা যান। এদিকে নিহতের একমাত্র পুত্র ইউসুফ আব্দুল্লা বাবু এবং স্ত্রী আসমা বেগম অভিযোগ করে বলেছেন, তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।