বগুড়ায় নিজ বাসায় নারীকে হত্যা, ভাই জামাতা আটক

বগুড়ায় জরিনা বেগম (৪৭) নামে এক নারীকে তার নিজ বাসায় জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জরিনা বগুড়া সরকারি আযিযুল হক কলেজের আইসিটি বিভাগের খণ্ডকালীন চতুর্থ শ্রেণীর কর্মচারী। গতকাল বুধবার কলেজ সংলগ্ন শহরের কামারগাড়ী এলাকায় তার বাসার উঠান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার রাতে কামারগাড়ী এলাকার ঐ বাড়িতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এঘটনায় নিহতের ভাই ও জামাতাকে আটক করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জরিনা বেগম দীর্ঘদিন আগে তার স্বামী পল্টু মিয়াকে তালাক দিয়ে কামারগাড়ীর বাড়িতে একাই বসবাস করতেন। তার একমাত্র মেয়েরও বিয়ে হয়েছে অনেক আগে। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তার ঘরে প্রবেশ করে জবাই করে হত্যার পর লাশ বাড়ির উঠানে ফেলে রেখে যায়। সকালে স্থানীয় লোকজন জরিনার বাড়ি থেকে রক্ত গড়িয়ে আসতে দেখে ভিতরে প্রবেশ করে লাশ পড়ে থাকতে দেখে। আত্মীয়-স্বজন জানান, তার এক ভাইয়ের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সদর থানার ওসি একেএম ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের ভাই ইসমাইল (৫০) ও জামাই সোহেল রানাকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।