বাংলাদেশে এক লাখ নারীকে ল্যাপটপ দেবে ‘ডেল’

‘ওয়ান ফ্যামলি ওয়ান উওম্যান’ প্রকল্পের আওতায় ১ লাখ নারীকে ল্যাপটপ কম্পিউটার প্রদানে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান ডেল। এ সংক্রান্ত প্রকল্পটি বর্তমানে পরিকল্পনা কমিশনে যাচাই-বাছাই প্রক্রিয়ায় রয়েছে। এ প্রকল্পের আওতায় ডেল বাংলাদেশের নারীদের ল্যাপটপ প্রদানের মাধ্যমে কম্পিউটার সংক্রান্ত নানরকম প্রশিক্ষণ প্রদানে আগ্রহী। ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এ প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকবে। গতকাল বুধবার মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জন ড্যানিলু্ইস পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামালের দফতরে সৌজন্য স্বাক্ষাত্ করেন। সাক্ষাত্ শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। পরিকল্পনামন্ত্রী ডেল-এর এই প্রকল্পকে নতুন উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান সরকার লার্নিং ও আর্নিং প্রকল্পের আওতায় আউট সোর্সিংকে ব্যাপকভাবে চালু করতে যাচ্ছে। এর ফলে বাংলাদেশের জনগোষ্ঠী তথ্য প্রযুক্তিতে যেমন দক্ষ হয়ে উঠবে তেমনি যথেষ্ট উপার্জনও করতে পারবে। বাংলাদেশে মার্কিন সরাসরি বিনিয়োগ আরো বৃদ্ধির আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মার্কিন সরাসরি বিনিয়োগ এ দেশে খুব একটা দৃশ্যমান নয়। মার্কিন বিনিয়োগ বৃদ্ধির অনেক ক্ষেত্র এ দেশে রয়েছে। শিক্ষা, নারী উন্নয়নসহ তথ্য প্রযুক্তিখাতে মার্কিন যুক্তরাষ্ট্র তার বিনিয়োগ এ দেশে ব্যাপকভাবে বাড়াতে পারে। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জানান, মার্কিন যুক্তরাষ্ট্র সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে এ দেশে নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন ও তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগের ক্ষেত্রগুলো খুঁজে দেখছে। এরই ধারাবাহিকতায় এ ধরনের প্রকল্প নেয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, মার্কিন-বাংলাদেশ সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং বিনিয়োগও বাড়বে। ডেল এর কান্ট্রি প্রধান সোনিয়া বশির কবির বৈঠকে উপস্থিত ছিলেন।