চাঁদা না পাওয়ায় রংপুরে বিনোদন কেন্দ্রের মালিককে মারধর
প্রকাশ : ১৯ মার্চ ২০১৪, ২৩:০১
দাবি করা চাঁদা না দেয়ায় জেলার বিনোদন কেন্দ্র ভিন্নজগতের ব্যবস্থাপনা পরিচালক ও গাড়ি চালককে বেধড়ক মারধর এবং গাড়ি ভাংচুর করেছে সন্ত্রাসীরা। এসময় তারা নগদ প্রায় ১ লাখ টাকাসহ বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ও মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেয়। জেলার গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়ন পরিষদের সামনে গঞ্জিপুর বাজারে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গতকাল বুধবার ভিন্নজগতের ব্যবস্থাপনা পরিচালক এসএম কামাল বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, ভিন্নজগতের প্রতিষ্ঠালগ্ন থেকেই এলাকার কতিপয় ব্যক্তির অনৈতিক দাবি পূরণ না করায় বিভিন্নভাবে পর্যটন কেন্দ্রে আসা-যাওয়ায় বাধা দেয়া ও কর্মকর্তা-কর্মচারীদের প্রাণনাশের হুমকি দিচ্ছিল। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে এসএম কামাল তার জিপ গাড়ি দিয়ে ভিন্নজগত্ থেকে বাড়ি ফিরছিলেন। এসময় তিনি খলেয়া ইউনিয়ন পরিষদের সামনে গঞ্জিপুর বাজারে এলে অস্ত্রসহ মাহমুদ আলী, মাসুদসহ প্রায় ২৫-৩০ জন সন্ত্রাসী গাড়ির গতিরোধ করে। এক পর্যায়ে তারা গাড়ি চালক যেয়াদুল হক এবং এসএম কামালকে মারধর করে। পরে গাড়ি ভাংচুর করে ঘটনাস্থল ত্যাগ করে সন্ত্রাসীরা।