দর্শকেরা নতুন রুহিকে পাবে :রুহি

র্যাম্পের দীর্ঘ অভিজ্ঞতার পর দিলরুবা ইয়াসমিন রুহি খুব গুছিয়েই তার ফিল্ম ক্যারিয়ার শুরু করেছেন। নিজের কাজের ক্ষেত্রেও মুক্তি প্রতীক্ষিত ছবিগুলো নিয়ে দারুণ আলোচনা চলছে চারদিকে। এর ভেতরে ২৮ মার্চ মুক্তি পেতে যাচ্ছে মুক্তিযুদ্ধের ওপর চলচ্চিত্র ‘একাত্তরের সংগ্রাম’। মনসুর আলীর পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা অনুপম খের। ছবিতে তিনি এক বৃদ্ধ করিমের ভূমিকায় অভিনয় করেছেন। এই ছবিটির দৃশ্যে মূলত করিমের বয়ানেই ছবির গল্প দেখানো হবে। অনুপম খেরের সাথে অভিনয় ও একটি আন্তর্জাতিক মানের ছবিতে কাজ প্রসঙ্গে রুহি বলেন, ‘এটা আমার জন্য বড় একটা অপরচুনিটি। ফিল্ম ক্যারিয়ারের শুরু থেকে প্রত্যাশা আর একটা আকাঙ্ক্ষা ছিল যে, মুক্তিযুদ্ধের একটি চলচ্চিত্রে কাজ করব। কিন্তু ক্যারিয়ারের একেবারে শুরুতেই এত ভালো একটা অপরচুনিটি পাব ভাবতে পারিনি। আমি ক্লাসিক মানের কিছু ভালো কাজ করতে চাই। হাতে যে ছবিগুলো আছে সেগুলোও একেকটি একেক ঘরানার। আর ‘একাত্তরের সংগ্রাম’ ছবিটি মুক্তির পর আমি মনে করি দর্শকেরা নতুন এক রুহিকে দেখতে পাবেন। আর অনুপম খের এই ছবির জন্য অন্যতম আকর্ষণ। অনেকেই বাইরের বা আন্তর্জাতিক শিল্পীদের বিশেষ চরিত্রে ক্ষণিক সময়ের জন্য রাখেন। কিন্তু ‘একাত্তরের সংগ্রাম’ ছবিতে মূল ঘটনার সাথে সম্পৃক্ত রেখেই অসাধারণ একটি চরিত্রে রাখা হয়েছে তাকে। ছবিটির প্রিমিয়ারে তার আসার কথা রয়েছে। সবমিলিয়ে ‘একাত্তরের সংগ্রাম’ এক আধুনিক তরুণ নির্মাতার দৃষ্টিতে অনবদ্য এক চলচ্চিত্র। আমি নিজেও গর্বিত এমন একটি ছবিতে কাজ করতে পেরে।’