পাঁচ দিনের রিহ্যাব মেলা শুরু
প্রকাশ : ২০ মার্চ ২০১৪, ২১:০৪
আবাসন খাতের সবচেয়ে বড় মেলা ‘রিহ্যাব ফেয়ার ২০১৪’ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন বিদ্যুত্, খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রিয়েল এস্টেট এন্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত এ মেলা চলবে ২৪ মার্চ পর্যন্ত।
জানা গেছে, এবারের মেলায় মোট ১৫৫টি স্টল রয়েছে। এর মধ্যে রিহ্যাব সদস্যদের ১৪১টি স্টল, ভবন নির্মাণসামগ্রী ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের ১৪টি স্টল রয়েছে। মেলার কো-স্পন্সর হিসেবে রয়েছে ১১টি প্রতিষ্ঠান। মেলায় একবার প্রবেশের জন্য ৫০ টাকার এবং প্রতিদিনের জন্য ১০০ টাকার টিকিট রয়েছে। টিকিট বিক্রির টাকা সমাজের কল্যাণে ব্যয় করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মেলা ক্রেতা ও দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।