চকরিয়ায় লুটকৃত ৫ গাড়ি গাছ উদ্ধার
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২০ মার্চ ২০১৪, ২১:১৭
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে সামাজিক বনায়নের বাগান থেকে লুটকৃত ৫ গাড়ি কাটা গাছ উদ্ধার করা হয়েছে। বুধবার উপজেলার ফাসিয়াখালী রেঞ্জের বনকর্মীরা অভিযান চালিয়ে এ গাছ উদ্ধার করে। তবে চোরাকারবারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা খান হাফিজুর রহমান।
সামাজিক বনায়ন কমিটির সভাপতি শাহেদ মীরজাদা চৌধুরী ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, গাছ নিলাম প্রক্রিয়া শুরু হওয়ায় স্থানীয় কয়েকটি চোরাকারবারী চক্রের সদস্য সিন্ডিকেট করে গত কয়েকদিন ধরে বাগানের গাছ লুটে মেতে উঠেছে। তাঁরা বাগানে ঢুকে গাছ কেটে লুটপাট চালানোর সময় সশস্ত্রভাবে অবস্থানে থাকায় হামলা ও প্রাণনাশের ভয়ে ইচ্ছে থাকা সত্ত্বেও বাধা দেয়ার সাহস করেনি।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) মো.শাহ-ই-আলম বলেন, অংশীদার নির্বাচিত হওয়ার পর দশ বছর ধরে সামাজিক বনায়নের উপকারভোগীরা সন্তানের মতো রক্ষণাবেক্ষণ করে বনায়নের গাছগুলো টিকিয়ে রেখেছে। কিন্তু চোরাকারবারী চক্র বাগান লুটের মাধ্যমে উপকারভোগীদের পাশাপাশি সরকারের ব্যাপক ক্ষতি করছে।