কুমিল্লায় একই গাছে শেকড়ে আলু ও কান্ডে টমেটো
মো. লুত্ফুর রহমান, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০১৪, ২১:১৭
কুমিল্লায় জোড়কলম পদ্ধতিতে একই গাছের শেকড়ে আলু ও কান্ডে টমেটো চাষে বাম্পার ফলন পাওয়া গেছে। বিএডিসি’র অধীন জেলার বুড়িচং উপজেলার সৈয়দপুর উদ্যান উন্নয়ন কেন্দ্রের বীজতলায় গবেষণা চালিয়ে এই নতুন চাষ পদ্ধতির উদ্ভাবন করা হয়।
সৈয়দপুর উদ্যান উন্নয়ন কেন্দ্রের বীজতলায় সরেজমিনে গিয়ে দেখা যায়, একই গাছের মাটির উপরের কান্ডে থরে থরে ফলেছে উন্নতমানের বড় আকারের অনেক টমেটো। ওই গাছের মাটির নীচের অংশের শেকড়ের ভাজে ভাজে বড় আকারের আলু ফলেছে।
এ পদ্ধতির জন্য একই দিনে আলু ও টমেটোর বীজ পাশাপাশি বপন করতে হয়। উভয় চারার বয়স ২২ দিন হলে গ্রাফটিং বা ফাঁটল জোড়কলমের মাধ্যমে আলুর কান্ডে টমেটো জুড়ে দেয়া হয়। এ ঘটনার ১২ দিনের মাথায় আলু চারার সাথে টমেটোর জোড়কলমে ফুল ফুটে।
সৈয়দপুর উদ্যান উন্নয়ন কেন্দ্রের উপ-পরিচালক ও সফল গবেষক মো. নিগার হায়দার খান জানান, একই গাছে টমেটো ও আলুর এ চাষ পদ্ধতিতে প্রত্যাশার চেয়েও অধিক ফলন অর্জিত হয়েছে। স্থানীয়ভাবে এ পদ্ধতিকে পমেটো বলা হচ্ছে। তিনি বলেন, এ চাষ স্বল্প পরিসরে বাড়ির আঙ্গীনায় বা ভবনের ছাদে করা যাবে। শহর বা অভিজাত এলাকার স্বল্প পরিসরের জায়গায় সৌখিন লোকজনের জন্য এ পদ্ধতিতে ‘একের ভেতর দুই’ হিসেবে পমেটোর চাষ অত্যন্ত সুবিধাজনক। গবেষক মো. নিগার হায়দার খান আরও জানান, একই গাছে আলু ও টমেটোর চাষ পদ্ধতি দেখার জন্য অভিজাত মহলের ভবন মালিক ও সবজি চাষে সৌখিন বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন এই উদ্যানে প্রতিদিন আসছেন।