বরিশালের অপহূত যুবক টেকনাফে উদ্ধার

বরিশালের অপহূত তৌফিকুল ইসলামকে (২৫) সাতদিন পর গত বুধবার বিকেলে কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের সিকদারপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে বিজিবি। সে বরিশাল গৌরনদী এলাকার বাসিন্দা খলিলুর রহমানের ছেলে। অপহূতের পরিবারের ভাষ্যমতে, ভ্রমণের কথা বলে অপহরণকারি চক্রের সদস্য টেকনাফের সাবরাং সিকদারপাড়ার মো. জসিম ও মো. খালেদ বরিশালের গৌরনদী থেকে গত ১২ মার্চ তৌফিকুল ইসলামকে টেকনাফে নিয়ে আসে। পরে তাকে আটকে রেখে মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করে। পরে অপহূতের পরিবারের লোকজন বিষয়টি কক্সবাজার র্যাব-৭ কে অবহিত করে। বিজিবি সূত্র জানায়, গত বুধবার বিকেল চারটার দিকে ৪২ বিজিবির অধিনায়ক লে কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদারপাড়া এলাকা থেকে তৌফিকুল ইসলামকে উদ্ধার করে থানা পুলিশে সোপর্দ করা হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত্ কুমার বড়ুয়া জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে।