কুমিল্লার দুই উপজেলায় শেষ মুহূর্তের প্রচারণা তুঙ্গে
প্রকাশ : ২০ মার্চ ২০১৪, ২১:১৯
কুমিল্লার বরুড়া ও মেঘনা দুই উপজেলায় শেষ মুহূর্তের প্রচারণা এখন তুঙ্গে। এ দুই উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ দুই উপজেলায় আ.লীগ দলীয় একাধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে রয়েছেন। তবে বরুড়ায় বিএনপির একক প্রার্থী থাকলেও মেঘনায় রয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থী। উভয় উপজেলায়ই প্রধান দু’জোটের প্রার্থী নিয়ে ভোটাররা তাদের শেষ মুহূর্তের হিসাব-নিকাশ মিলিয়ে নিচ্ছেন। এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন থেকে দুই উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে। আগামী ২৩ মার্চ দেশে চতুর্থ দফায় উপজেলা পরিষদ নির্বাচনে জেলার মেঘনা ও বরুড়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জানা যায়, জেলার মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে পুরো উপজেলায় বিরাজ করছে এক উত্সবমুখর পরিবেশ। এ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় চেয়ারম্যান পদে আ.লীগ ও বিএনপিতে বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এরা হলেন- আ.লীগ সমর্থিত আবদুস সালাম (দোয়াত কলম), একই দলের ফারুক সরকার আব্বাসী (চিংড়ি), বিএনপি সমর্থিত আজহারুল হক শাহীন (মোটর সাইকেল), একই দলের মো. রমিজ উদ্দিন লন্ডনী (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান (কাপ-পিরিচ) ও ইসলামী ঐক্যজোট সমর্থিত মাওলানা মো. আলতাফ হোসেন (টেলিফোন), স্বতন্ত্র প্রার্থী গাফ্ফার (আনারস) ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত মো. মোবারক হোসেন (হেলিকপ্টার)।
এদিকে জেলার বরুড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ ১১ জন প্রার্থী নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ৪ প্রার্থীরা হচ্ছেন- বিএনপি’র একক প্রার্থী আব্দুল খালেক চৌধুরী (মোটর সাইকেল), আ.লীগ সমর্থিত মোস্তাফিজুর রহমান ভুঁইয়া (আনারস), একই দলের মাজহারুল ইসলাম মিঠু (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী মো. দুলাল মিয়া (কাপ-পিরিচ)।