বাউফলে আ’লীগে একক ও বিএনপিতে একাধিক প্রার্থী
প্রকাশ : ২০ মার্চ ২০১৪, ২১:২০
২৩ মার্চ চতুর্থ ধাপে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা এখন প্রায় শেষ পর্যায়ে। প্রচার ছাড়াও প্রার্ধীরা যে যার মতো করে কৌশল অবলম্বন করছেন ভোটারদেরকে কাছে টানার জন্য। এখানে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান মুন্সি (ঘোড়া), বিএনপি সমর্থিত প্রার্থী অধ্যাপক শহীদুর রহমান তালুকদার (দোয়াত-কলম) ও বিএনপি বিদ্রোহী প্রার্থী তছলিম উদ্দিন তালুকদার(আনারস)। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোশারেফ হোসেন খান(চশমা), বিএনপি সমর্থিত হুমায়ন কবির(টিউব ওয়েল), বিএনপির বিদ্রোহী প্রার্থী বশির উদ্দিন (বই), স্বতন্ত্র রেজাউল কামাল পল্টু (তালা), কামাল হোসেন সালাম (উড়োজাহাজ) ও জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুর রশিদ(টিয়া)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী নাজমুন্নাহার জলিল(প্রজাপতি), আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রেহেনা মোতালেব(কলস) ও স্বতন্ত্র প্রার্থী তাছলিমা বেগম(হাঁস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ ভোটাররা মনে করেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এখানে চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াই হবে। ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী থাকায় এখনও যোগ্যতার হিসাব-নিকাশ চলছে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বর্তমানে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন।