আফগানিস্তানে থানায় আত্মঘাতী তালেবান হামলায় নিহত ৪

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরের একটি থানায় তালেবান জঙ্গি হামলায় অন্তত ৪ জন হামলাকারী নিহত হয়েছে। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার এই হামলার সত্যতা নিশ্চিত করে। হামলাকারীরা মোটর সাইকেলে এসে এই হামলা চালায়। আফগানিস্তানে আসন্ন ৫ এপ্রিলের নির্বাচনকে সামনে রেখে তালেবানরা এই হামলা চালায়। নানগারহার প্রদেশের সরকারের মুখপাত্র বলেন, বৃহস্পতিবার সকালে পুলিশ এবং জঙ্গিদের মধ্যে দুই ঘণ্টা যাবত্ এই হামলা চলে। প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানায়, শক্তিশালী বোমা বিস্ফোরণে শহরের পার্শ্ববর্তী দোকান ও ঘরবাড়ির কাঁচ ভেঙ্গে যায়। গত মঙ্গলবার আফগানিস্তানের উত্তরাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় নারী, শিশুসহ ১৭ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৬০ জনেরও অধিক আহত হয়।