নিখোঁজ দম্পতির সন্ধানে কাপ্তাই হ্রদে ২০ ডুবুরির অভিযান

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নৌকা ডুবিতে নিখোঁজ পর্যটক দম্পতির সন্ধান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মেলেনি। কাপ্তাই নৌ বাহিনী ও রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ২০ জনের ডুবুরিদল আদার পাহাড় এলাকায় কাপ্তাই হ্রদে উদ্ধার অভিযান চালাচ্ছে। বুধবার বিকালে প্রচণ্ড ঝড়ো হাওয়ার কবলে পড়ে ইঞ্জিন চালিত বোট ডুবে গেলে আমেরিকা প্রবাসী আলাউদ্দিন পাটোয়ারী ও তার স্ত্রী আইরিন সুলতানা লিমা হ্রদের পানিতে তলিয়ে যান। আমেরিকা প্রবাসী আলাউদ্দিন পাটোয়ারীর সাথে আইরিন সুলতানা লিমার বিয়ে হয় বছর দেড়েক আগে। সেসময় অধুনালুপ্ত বিডিআরে চাকরি করতেন আলাউদ্দিন। ডিভি লটারি জিতে আমেরিকা পাড়ি জমান তিনি। কদিন আগে তিনি দেশে আসেন। ৪ এপ্রিল আমেরিকা যাওয়ার কথা ছিল লিমার। লিমা থাকতেন চট্টগ্রামের পূর্ব মাদারবাদী বাপের বাসায়। এর মধ্যে লিমাকে নিয়ে আলাউদ্দিন রাঙ্গামাটি ঘুরতে এসে কাপ্তাই হ্রদ ভ্রমণে গেলে এই দুর্ঘটনা ঘটে। নৌকা ডুবির খবর পেয়ে আত্মীয়-স্বজনরা রাঙ্গামাটি এসে হ্রদের ধারে এখন আহাজারি করছেন। নৌকা ডুবিতে বেঁচে যাওয়া বোট চালক বিটন চাকমা রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিত্সাধীন। এদিকে ডুবুরিরা অনুসন্ধান অব্যাহত রেখেছেন। প্রতিকূল আবহাওয়ার কারণে কিছুটা ব্যাহত হচ্ছে অনুসন্ধান কাজ। তবে নিখোঁজ দম্পতিকে না পাওয়া পর্যন্ত অনুসন্ধান চালিয়ে যাবে নৌ বাহিনীর ডুবুরিদল। বুধবার নৌকাডুবির ঘটনার পর পর্যটনের নৌ যান ঘাটের ইজারাদার সকল প্রকার নৌ যান চালানো বন্ধ করে দিয়েছে।