ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত অর্ধশত
প্রকাশ : ২০ মার্চ ২০১৪, ২১:২৫
গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জে পৃথক সংঘর্ষে কমপক্ষে অর্ধশত আহত হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ২৭ রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। জানা যায়, সরাইল উপজেলার ভুইশর গ্রামের চান্দের গোষ্ঠীর ফয়জুল্লাহ ও পাথারিয়া গোষ্ঠীর হেবজু মিয়ার লোকজনের মধ্যে জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ৩০জন আহত হয়। পরে পুলিশ গিয়ে ২২ রাউন্ড রাবার বুলেট ও ৫ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সংঘর্ষস্থল থেকে ৬ দাঙ্গাবাজকে গ্রেফতার করে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে আশুগঞ্জে খড়িয়ালা গ্রামে জমি নিয়ে সরকার বাড়ির হাজী গফুর মিয়া ও মিজান মিয়ার মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন রামদা, কিরিচ, বল্লম, টেঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ১ ঘণ্টাব্যাপী সংঘর্ষে ২০জন আহত হয়। আহতদের মধ্যে ৮জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।