সরকারি হাসপাতালে ওষুধ চুরি বন্ধ হোক
প্রকাশ : ২০ মার্চ ২০১৪, ২১:৩৯
সরকারি হাসপাতালগুলো থেকে প্রতিদিন হাজার হাজার টাকার ওষুধ চুরি যায়। ওষুধ চুরি নিয়ে কোনো কোনো হাসপাতালে স্টাফদের মধ্যে বাক-বিতণ্ডার ঘটনাও আমি নিজে দেখেছি। অনেক ত্যাগের বিনিময়ে বাংলার কৃষক-শ্রমিক-জনতাই তো বাংলাদেশ স্বাধীন করেছিল তাদের মানবিক চাহিদা পূরণের লক্ষ্যে। কিন্তু স্বাধীনতার ৪২ বছরেও আজ সরকারি হাসপাতালগুলোতে গরীব মানুষ চিকিত্সা সেবা পায় না। টাকা ছাড়া রোগী ভর্তি করা হয় না। ভর্তি করলেও টাকা ছাড়া পাওনা সেবা দেয়া হয় না। সরকারি হাসপাতালে সেবা না পেয়ে অনেকে নিজের যা কিছু আছে সব বিক্রি করে প্রাইভেট ক্লিনিকে ভর্তি হতে বাধ্য হয়। এ অবস্থায় সরকারি হাসপাতালগুলোতে কী ভাবে ওষুধ চুরি যায় তা তদন্তের পাশাপাশি ওষুধ চোরদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
হেকমত আলী, কাজীপুর, সিরাজগঞ্জ