নেপালের দুর্দান্ত জয়
জাকির হোসেন লুলু, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২০ মার্চ ২০১৪, ২২:৪০
প্রথম ম্যাচে হংকংকে উড়িয়ে দিয়েছিল ৮০ রানের ব্যবধানে। আর গতকাল আফগানদের বিপক্ষে ম্যাচ জিতে নেয় ৯ রানে। নেপালের জন্য আর যাই হোক, টূর্নামেন্টটা যে স্মরনীয় হয়ে থাকছে, তাতে সন্দেহ নেই।
জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামা নেপালের শুরুটা মন্দ হয়নি। উদ্বোধনী জুটিতে শুভাষ কাকুরেল ও সাগর পুন ১৯ রান যোগ করেছিলেন। এরপরই জ্ঞানেন্দ্রকে নিয়ে অসাধারণ একটা জুটি করেন শুভাষ। এই জুটি ৩২ রান তুলেন। দলীয় ৫১ রানে নিজের ব্যক্তিগত ২২ রান করে মাল্লা সাজঘরে ফিরেন। আরো ২ রান করতে না করতে পরশ খড়কাও মাঠ ছাড়েন মাত্র ১ রান করে। দলীয় ৫৩ রানে টপ অর্ডারের তিনজন ব্যাটসম্যানকে হারিয়ে কিছুটা চাপ অনুভব করেন পাল। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে ওপেনার সুভাষ কাকুরেল ও সারদ ভেশাওকার মিলে ৭৬ রান যোগ করেন। মূলত এই দু জনের ব্যাটিং এগিয়ে দেয় নেপালকে। কাকুরেল ৫৪ রান করে এবং ভেশ্বাওকার ৩৭ রান করে সাজঘরে ফিরেন। শেষ পর্যন্ত নেপালের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৪১। বোলার সাপুর জাদরান বোলিংয়ে বেশ দাপট দেখান। তিনি ১৯ রানে ২ উইকেট নেন। নেপালের ছুঁড়ে দেয়া ১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে বোলারদের তোপের মুখে পড়ে আফগানরা খেই হারিয়ে ফেলে। কোন ব্যাটসম্যানের যুতসই জুটি গড়া সম্ভব হয়নি। দলের ২০ রানে পতন হয় তিনটি উইকেটের। পরবর্তী পর্যায়ে নজিবুল্লাহ ও নওরাজ টেনে তোলার চেষ্টা করেন দলকে। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে ২৭ রান যোগ করে ফিরে জান নজিবুল্লাহ। দলনায়ক মোহাম্মদ নবীর প্রস্থানেও দিশেহারা হয়ে যায় আফগানেরা। ৫০ রানে চলে যায় ৫ উইকেট। তবে আজগর (৪৯) ও শফিকুল্লাহ (৩৬) স্বাচ্ছন্দে ব্যাটিং করে দ্যুতি ছড়ান। কিন্তু সতীর্থদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রান তুলতে সক্ষম হয় আফগানরা। যার ফলশ্রুতিতে ৯ রানে ম্যাচ জিতে নেপালীরা তাদের স্বদেশীদের আনন্দে ভাসায়। নেপালী বোলারদের মধ্যে জিতেন্দ্র মুখার্জী ১৮ রান দিয়ে ৩টি, শক্তি গোয়াচন ২৩ রান দিয়ে ২টি এবং সমপাল কামি ৩২ রান দিয়ে ২টি উইকেট দখল করেন।