পঞ্চগড় প্রতিনিধি
ইউনিয়ন পর্যায়ে ধান ক্রয় কেন্দ্র খুলে লাভজনক দামে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন হয়েছে। ‘ধানের লাভজনক মূল্য দাও কৃষক বাঁচাও দেশ বাঁচাও’— এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বোদা উপজেলা শাখা বুধবার মানববন্ধনের আয়োজন করে। পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা বাসস্ট্যান্ডে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম, সিপিবি নেতা হরেন্দ্রনাথ বর্মণ, কমরেড নুর ইসলাম, দীপক কুমার দে সহ কমিউনিস্ট পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।