স্টিকার না থাকায় ড্যানি মরিসনের বিড়ম্বনা

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রবেশ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন টিভি ধারাভাষ্যকার নিউজিল্যান্ডের ড্যানি মরিসন। পেশাগত দায়িত্ব পালনের জন্য গতকাল বৃহস্পতিবার দুপুরে স্টেডিয়ামের দিকে আসছিলেন সাবেক এই ফাস্ট বোলার। তবে তাকে বহনকারী মাইক্রোবাসের উইন্ডশিল্ডে স্টেডিয়ামে প্রবেশ করার স্টিকার লাগানো ছিল না। বিষয়টি পুলিশের দৃষ্টি এড়ায়নি। সাগরিকার মোড় ছাড়িয়ে প্রায় আধা কিলোমিটার আসার পর পুলিশ ড্যানি মরিসনের গাড়ি আটকে দেয়। এসময় বিষয়টি বুঝিয়ে বলা হলেও ড্যানি ছিলেন নাছোড়বান্দা। তিনি গাড়ি থেকে নেমে পুলিশের সাথে বাদানুবাদে লিপ্ত হন। এসময় ড্যানি মরিসনের গাড়ির পেছনেই ছিল সাংবাদিকদের বহনকারী একটি মাইক্রোবাস। শেষ পর্যন্ত সাংবাদিকদের অনুরোধে পুলিশ ড্যানির মাইক্রোবাসটি ছেড়ে দেয়। তবে এতেও রক্ষা হয়নি। স্টেডিয়ামের মূল গেটে এসেও নিরাপত্তা কর্মীদের বাধার মুখে পড়েন ড্যানি। প্রথমে তারা গেট খুলতে রাজি হননি। পরে ওয়াকিটকি দিয়ে ওপর মহলের সাথে যোগাযোগ করে সবুজ সংকেত পাওয়ার পর গেট খুলে দেয়া হয়। ঝামেলা মুক্ত হন ড্যানি।