টি-টোয়েন্টিতেও সেই রোমাঞ্চ!
প্রকাশ : ২০ মার্চ ২০১৪, ২২:৪২
পাক-ভারত ক্রিকেট লড়াই নিয়ে নতুন করে বলার কিছু নেই। প্রতিটি লড়াই মানেই জীবন্ত একেকটি গল্প। সমর্থকদের রন্ধ্রে রন্ধ্রে শিহরণ জাগানোর উপলক্ষ। আর শুধু টেস্ট বা ওয়ানডে নয় টি-টোয়েন্টি ক্রিকেটেও সেই একই রোমাঞ্চ নিয়েই হাজির হয়েছে ভারত পাকিস্তান ম্যাচ।
ভারত ও পাকিস্তানের মধ্যে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে পাঁচটি টি-টোয়েন্টি। পরিসংখ্যান বলছে ভারত স্পষ্ট ব্যবধানে এগিয়ে। পাঁচটি ম্যাচের চারটিতেই জিতেছে তারা। কিন্তু পরিসংখ্যানের দোহাই দিয়ে রোমাঞ্চকর আমেজকে নষ্ট করে দেয়ার কোন মানেই হয় না।
টি-টোয়েন্টিতে পাক-ভারত লড়াইয়ের আমেজ ছিল সেই শুরুর ম্যাচ থেকেই। ২০০৭ বিশ্বকাপের ম্যাচে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় চির প্রতিদ্বন্দ্বী দল দুটি। ডারবানে সেবার গ্রুপ পর্যায়ের ম্যাচে প্রথম দফায় ম্যাচটা টাই হয়েছিল। কিন্তু ‘বোল আউট’-এ গিয়ে জিতে যায় ভারত। অধিনায়ক হিসেবে সেটাই ছিল মহেন্দ্র সিং ধোনির প্রথম জয়।
তবে, এর চেয়েও বড় রোমাঞ্চের জন্ম দিয়েছিল সেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। জোহানেসবার্গে ঠিক ১০ দিন বাদেই শিরোপার লড়াইয়ে মাঠে নেমেছিল ভারত ও পাকিস্তান। ভারতের করা ১৫৭ রানের জবাবে ৭৭ রানের মধ্যেই ৬টি উইকেট হারিয়ে ফেলে ধুঁকছিল পাকিস্তান। ভারত তখনই পেতে শুরু করেছিল শিরোপার গন্ধ।
ক্রিকেট বিধাতা অবশ্য শেষটা ভেবে রেখেছিলেন একটু ভিন্নভাবে!
সেই ভিন্নতা নিয়ে হাজির হলেন মিসবাহ উল হক। ইয়াসির আরাফাত আর সোহেল তানভিরকে নিয়ে দাঁড়িয়ে গেলেন। শিরোপা তখনও ঝুঁকে পড়েছে পাকিস্তানের দিকে। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৩ রান। যোগিন্দর শর্মার এক ওয়াইড প্রথম বলেই চাপ বাড়িয়ে দিয়েছিল ভারতের। দ্বিতীয় বলটা ডট হলেও এর পরের বলেই মিসবাহর বিশাল এক ছয়ে পাকিস্তানের জন্য চাপটা নিমিষেই উধাও হয়ে গেল।
কিন্তু চতুর্থ বলে এসে কি মনে করেই যেন প্যাডেল স্কুপ করতে গেলেন মিসবাহ। আর তাতেই হল কাল। শর্ট ফাইন লেগে ক্যাচ লুফে নিলেন শ্রীশান্ত। ইতিহাসের প্রথম টি-টোয়েন্টির শিরোপা জিতে নিলো ভারত।
বিশ্বকাপে দুদলের সর্বশেষ সাক্ষাত্ হয় ২০১২ সালের বিশ্বকাপে। কলম্বোর সেই ম্যাচটা পুরোপুরিই একতরফা ছিল। ১৮ বল বাকি থাকতে আট উইকেটের জয় পেয়েছিল ভারত। সেই বছরই ডিসেম্বরে দ্বিপাক্ষিক সিরিজে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল দুদল।
আর দুটো ম্যাচই হাজির হয়েছিল আকাশচুম্বি রোমাঞ্চ নিয়ে। প্রথম ম্যাচে ভারতের মাত্র ১৩৩ রান তাড়া করে মাত্র দুই বল আগে জয় পায় পাকিস্তান। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের ওই একটাই জয়। দ্বিতীয় ম্যাচে, ভারতের ১৯২ রানের সামনে ১৮১ রানে গিয়ে থামে পাকিস্তান।
এবার কি হবে? সব জানা যাবে আজ! মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাড়ে সাতটায় এই ম্যাচ দিয়েই পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্বের।
সেই পাঁচ লড়াই...
ফলাফল তারিখ ভেন্যু
টাই ১৪ সেপ্টেম্বর, ২০০৭ ডারবান
ভারত ৫ রানে জয়ী ২৪ সেপ্টেম্বর, ২০০৭ জোহানেসবার্গ
ভারত ৮ উইকেটে জয়ী ৩০ সেপ্টেম্বর, ২০১২ কলম্বো
পাকিস্তান ৫ উইকেটে জয়ী ২৫ ডিসেম্বর, ২০১২ বেঙ্গালুরু
ভারত ১১ রানে জয়ী ২৮ ডিসেম্বর, ২০১২ আহমেদাবাদ